জোকোভিচের প্রতিশোধ
প্রতিশোধ নিলেন নোভাক জোকোভিচ। ২০০৯ সালে মায়ামি ওপেনে তাঁকে হারিয়েছিলেন ইংল্যান্ডের অ্যান্ডি মারে। গতকাল রোববার রাতে সেই মারেকে হারিয়েই টানা দ্বিতীয়বারের মতো মায়ামি সনি এরিকসন ওপেন জিতেছেন পুরুষদের টেনিসের ১ নম্বর খেলোয়াড় জোকোভিচ।রয়টার্স জানায়, মায়ামিতে নিজের তৃতীয় শিরোপা জয়ের পথে মারেকে সরাসরি সেটে হারিয়েছেন সার্বিয়ান জোকোভিচ। ৬-১, ৭-৬ গেমে জয়ের পর এক সাক্ষাত্কারে জোকোভিচ বলেন, ‘আমি মনে করি, ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দারুণ খেলেছি। কিন্তু মারের মতো খেলোয়াড়ের সঙ্গে খেলে কখনোই বলা সম্ভব নয়, আমি জিততে চলেছি। আমার সৌভাগ্য যে শেষ পর্যন্ত তাঁকে সরাসরি সেটে হারাতে পেরেছি।’গোটা প্রতিযোগিতায় একবারও কোনো সেটে হারেননি জোকোভিচ। মায়ামি জয় শেষে সেটি উল্লেখ করতেও ভোলেননি এই সার্বিয়ান, ‘আমি কোনো সেটেই হারিনি—এটা অসাধারণ। গত তিন ম্যাচে শীর্ষ খেলোয়াড়দের বিপক্ষে যেভাবে খেলেছি, এতে আমি সত্যি আনন্দিত।’হারের পর অ্যান্ডি মারের প্রতিক্রিয়া, ‘আমি আজ ভালো রিটার্ন করতে পারিনি। অথচ এটাই আমার খেলার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। আমি মনে করি, এ ম্যাচে আমার হারের কারণ এটাই।’