জোকোভিচের বাবা যা বলেন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকের চোখেই টেনিস ইতিহাসে সর্বকালের সেরা খেলোয়াড় তিনি। অথচ রজার ফেদেরার মানুষ হিসেবে নাকি ঠিক এর উল্টো! কথাটা যে ভদ্রলোকের তাঁর নাম সারদিয়ান জোকোভিচ। নাম শুনেই বোঝা যাচ্ছে, নোভাক জোকোভিচের সঙ্গে কিছু একটা সম্পর্ক আছে। হ্যাঁ, ইনি জোকোভিচের বাবা। তবে ছেলে যেমন হাসিখুশি, দারুণ রসিক, বাবা হয়তো ততটা নন। বেশ ঠোঁটকাটা এবং ঝাঁজালো কথাবার্তায় পটু। সে কারণেই কিনা সার্বিয়ান দৈনিক কুরির-এ দেওয়া এক সাক্ষাৎকারে এইভাবে একের পর এক সমালোচনা করে গেলেন ছেলের প্রতিদ্বন্দ্বী রজার ফেদেরারের। তোপ দেগেছেন আরেক প্রতিপক্ষ রাফায়েল নাদালকেও। ফেদেরার-জোকোভিচের শীতল সম্পর্ক নিয়ে এমনিতেও নানান গুঞ্জন। ২০০৬ সালে জেনেভায় ডেভিস কাপের ম্যাচে জোকোভিচ বারবার ‘টাইমআউট’ নিচ্ছিলেন বলে খেপে গিয়েছিলেন ফেদেরার। পরে ২০০৮ সালে এক ম্যাচে খেলা দেখতে আসা জোকোভিচের পরিবারকে চুপ থাকতে বলেও সমালোচিত হয়েছিলেন সুইস টেনিস তারকা। একই বছর অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে ফেদেরারকে হারিয়েছিলেন জোকোভিচ। তারপর জোকোভিচের মায়ের সে কী উল্লাস! বলেই ফেলেছিলেন, টেনিসের রাজা মরে গেছে! জোকোভিচ নিজে অবশ্য সরাসরি এ নিয়ে খুব একটা বাক্য খরচ করেননি। তবে কুরির-এ দেওয়া সাক্ষাৎকারে তাঁর বাবার কথা শুনেই বোঝা যাচ্ছে ছেলের প্রতিপক্ষদের কতটা অপছন্দ করেন ভদ্রলোক। এমনও অভিযোগ করে বসলেন জোকোভিচের বাবা, একসময় তাঁর (ফেদেরার) সিংহাসনটা সার্বিয়ান তারকা দখল করে নেবে বুঝতে পেরেই নাকি জোকোভিচের সঙ্গে রুঢ় আচরণ করতেন ফেদেরার, ‘ও ডেভিস কাপে জোকোভিচকে আক্রমণ করে কথা বলেছিল কারণ সে বুঝতে পেরেছিল আমার ছেলে একদিন ওর উত্তরসূরি হবে। প্রতিদিনই সে জোকোভিচের সম্মানহানিকর কিছু একটা বলত।’ এতটা আক্রমণাত্মক না হলেও সারদিয়ান জোকোভিচ সমালোচনা করতে ছাড়েননি নিজের ছেলের আরেক প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালেরও। একসময় নাকি জোকোভিচ আর নাদাল খুব ভালো বন্ধু ছিলেন। কিন্তু পরে জোকোভিচ সাফল্য পেতে শুরু করায় নাকি নাদাল তাকে ঈর্ষা করা শুরু করেন বলে অভিযোগ সারদিয়ানের, ‘যখন নাদাল একাই জিতত তখন ওরা খুব ভালো বন্ধু ছিল। কিন্তু একসময় পরিস্থিতি বদলে গেল আর ওরাও বন্ধু রইল না। এটা তো খেলোয়াড়সুলভ মানসিকতা হতে পারে না।’পুরুষ র‌্যাঙ্কিংয়ের সাবেক দুই শীর্ষ তারকাকে ধুয়ে দিলেও কিছুদিন আগে উইম্বলডন জেতা অ্যান্ডি মারের প্রতি বেশ ‘সদয়’ জোকোভিচের বাবা। এই মূহূর্তে ছেলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হলেও মারে ও তাঁর পরিবারকে নাকি বেশ শ্রদ্ধা করেন সারদিয়ান জোকোভিচ, ‘আমি কখনো এক মুহূর্তের জন্যও মারে কিংবা ওর পরিবারকে ঈর্ষা করিনি। শিরোপার লড়াইয়ে কিছুদিন পর পর মুখোমুখি হতে হয় বলে ওরা দুজন হয়তো সবচেয়ে ভালো বন্ধু হতে পারবে না। কিন্তু ক্যারিয়ারের শেষ পর্যন্ত মারে আর জোকোভিচ খুব ভালো বন্ধু হয়ে থাকবে।’ ওয়েবসাইট।