জোকোভিচের শিরোপা
সনি এরিকসন মায়ামি ওপেনে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন নোভাক জোকোভিচ। গত পরশু পুরুষ এককের ফাইনালে শীর্ষ বাছাই সার্বিয়ান জোকোভিচ ৬-১, ৭-৬ (৭-৪) গেমে হারিয়ে দিয়েছেন স্কটিশ অ্যান্ডি মারেকে। এটিপি মায়ামি মাস্টার্সে জোকোভিচের এটা তৃতীয় শিরোপা। পুরুষ বিভাগে এখানে কমপক্ষে তিনটি করে শিরোপা জিতেছেন আর মাত্র দুজন—আন্দ্রে আগাসি ও পিট সাম্প্রাস। মায়ামিতে জোকোভিচের আগের দুটি সাফল্য ২০০৭ ও ২০১১ সালে। এটি জোকোভিচের ৩০তম এটিপি শিরোপা।ফাইনালে ফেবারিটের মতোই খেলেছেন জোকোভিচ। শুধু ফাইনালই নয়, পুরো টুর্নামেন্টই টেনিসের এক নম্বর তারকার দাপটের সাক্ষী। যার প্রমাণ হিসেবে একটি তথ্যই যথেষ্ট—পুরো টুর্নামেন্টে জোকোভিচ হারেননি একটি সেটও। দুর্দান্ত ফর্মে থাকা জোকোভিচ গত বছর টানা জয়ের ধারায় ছিলেন ৪১টি ম্যাচ। সেই সাফল্যের পুনরাবৃত্তি কি এবারও হবে? জোকোভিচ যা বলেছেন, তা প্রতিপক্ষদের জন্য সতর্কবাণীই, ‘আমি আবার ফর্মের তুঙ্গে আছি এবং ক্যারিয়ারের সেরা টেনিস খেলছি।’ এএফপি, রয়টার্স।