জোকোভিচের হ্যাটট্রিক-স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ এককে সর্বোচ্চ ছয়টি শিরোপা জিতেছেন রয় এমারসন। এর পাঁচটিই এই অস্ট্রেলিয়ান জিতেছিলেন টানা ১৯৬৩ থেকে ১৯৬৭ সালে। আর কারোর এই কীর্তি নেই। এমনকি উন্মুক্ত যুগেও টানা তিনবার শিরোপা জিততে পারেননি কেউ। এবার ‘হ্যাটট্রিক’ শিরোপা হাতছানি দিচ্ছে নোভাক জোকোভিচকে।অস্ট্রেলিয়ান ওপেনে সর্বশেষ দুবারই শিরোপা জিতেছেন এই সার্বিয়ান। বিশ্বের ১ নম্বর খেলোয়াড়, দারুণ ফর্মেও আছেন। তা ছাড়া চোটের কারণে রাফায়েল নাদাল নেই। সর্বোচ্চ ১৭টি গ্র্যান্ড স্লামজয়ী ফেদেরারও তাঁর সেরা সময়কে পেছনে ফেলে এসেছেন। তাঁর খেলায় বয়সের ছাপ স্পষ্ট। নিন্দুকেরা তো এরই মধ্যে ফেদেরারের শেষই দেখে ফেলেছেন। এই বিবেচনায় শিরোপার পথে জোকোভিচের বড় বাধা হতে পারেন অ্যান্ডি মারে। যাঁর সঙ্গে মুখোমুখি লড়াইয়ে জোকোভিচ ১০-৭ ব্যবধানে এগিয়ে। মারের সঙ্গে ফাইনালের আগে দেখাও হবে না তাঁর। র্যা ঙ্কিং অনুযায়ী শেষ চারেই জোকোভিচ-মারের দেখা হবে বলে প্রত্যাশা ছিল। কিন্তু ড্র নিশ্চিত করে দিয়েছে, কোনো অঘটন না ঘটলে সেমিতে মারের সঙ্গে দেখা হয়ে যাবে ফেদেরারের। মানে ফাইনালের আগে ফেদেরারের সঙ্গেও দেখা হচ্ছে না জোকোভিচের। সবকিছু মিলিয়ে ‘হ্যাটট্রিক’ স্বপ্নই যেন ঝিলিক দিচ্ছে সার্বিয়ান এই তারকার চোখে। স্বপ্নের পথে তাঁকে বেশি অনুপ্রাণিত করছে অস্ট্রেলিয়ান ওপেনের হার্ড কোর্ট। সেদিন ফেদেরার পর্যন্ত ‘রায়’ দিয়েছেন, ‘গত কয়েক বছরের মধ্যে জোকোভিচই সম্ভবত হার্ড কোর্টের সেরা খেলোয়াড়।’ মেলবোর্নের রড লেভার অ্যারেনা তো জোকোভিচের জন্য আরও ‘পয়া’। ক্যারিয়ারে যে পাঁচটি গ্র্যান্ড স্লাম জিতেছেন তার তিনটিই এই অস্ট্রেলিয়ান ওপেনে। যার প্রথমটা আসে ২০০৮ সালে। যেটা আবার ছিল ফেদেরার-নাদালের টানা তিন বছরের গ্র্যান্ড স্লাম রাজত্বে হানা দিয়ে। এরপর ২০১১-১২ সর্বশেষ দুবারই মেলবোর্ন দেখেছে জোকোভিচ-নৃত্য।জোকোভিচ তাই অনুপ্রেরণা খুঁজে নিতে পারছেন নিজের কাছ থেকেই, ‘এটা বিশাল চ্যালেঞ্জ। তবে অস্ট্রেলিয়ান ওপেন আমি ভালোবাসি। এই কোর্টটা আমার ক্যারিয়ারের সেরা স্মৃতিগুলো ফিরিয়ে আনে। রাতের সেশনেই হোক, দিনের সেশনেই হোক, আমি সব সময়ই এখানে প্রচুর সমর্থন পাই। এখানে খেলাটা আমার জন্য সব সময়ই আকষর্ণীয়। প্রতিটি গ্র্যান্ড স্লামই বিশেষ কিছু নিয়ে আসে। এ পর্যন্ত অস্ট্রেলিয়ান ওপেনই আমার ক্যারিয়ারের সবচেয়ে সফল। কাজেই আমি এখানে খেলতে উন্মুখ হয়ে আছি।’বাইরের মানুষের চোখেই শুধু নন, জোকোভিচ ফেবারিট তাঁর প্রতিপক্ষদের চোখেও। ফেদেরার বলে দিয়েছেন, এবার জোকোভিচই ফেবারিট। কিন্তু জোকোভিচ নিজে জানেন, কাজটা সহজ হবে না মোটেও। মানুষ যাই বলুক, জোকোভিচ ভালো করেই জানেন, ফেদেরার এখনো বড় প্রতিপক্ষ। উন্মুক্ত যুগের প্রথম খেলোয়াড় হিসেবে ফেদেরারের সামনে পঞ্চম শিরোপার হাতছানি। ফেড-এক্সপ্রেস এবার তাই একটু ভিন্ন পথে চেষ্টা করে দেখতে প্রস্তুতিমূলক কোনো টুর্নামেন্ট খেলেননি! জোকোভিচ বিশেষ করে বলছেন মারের কথাও। গত বছরের শেষ দুটি বড় টুর্নামেন্টেই শিরোপা জিতেছেন এই ব্রিটিশ। অলিম্পিক সোনার পর জিতেছেন ইউএস ওপেনও। দুটি শিরোপার পথেই আবার মারে হারিয়েছেন জোকোভিচকে। অলিম্পিকের সেমিফাইনালের পর ইউএস ওপেনের ফাইনালে জোকোভিচকে হারিয়েই মারে ব্রিটিশদের ৭৬ বছরের গ্র্যান্ড স্লাম খরা ঘুচিয়েছেন। অস্ট্রেলিয়ান ওপেনে নামার আগে জোকোভিচের চোখে তাই ‘গ্র্যান্ড স্লাম জুজু’ কাটিয়ে ওঠা মারেও অন্যতম দাবিদার, ‘নিজেকে নিয়ে আমার উচ্চাশা আছে। তবে অবশ্যই আমি সতর্ক যে কঠিন এক টুর্নামেন্টই হতে যাচ্ছে। কারণ এখনকার পুরুষ টেনিস খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। অ্যান্ডি মারে গত বছর প্রথম গ্র্যান্ড স্লাম জিতেছেন। তিনিও এই দলের একজন, যাঁরা অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পথে সিরিয়াস প্রার্থী।’এএফপি।