জোকোভিচের 'নাদাল-নিষেধাজ্ঞা'
বিয়ন বোর্গকে টপকে ফ্রেঞ্চ ওপেনে সর্বোচ্চ সাতবার শিরোপা জয়ের রেকর্ড গড়েছেন গতবারই। এবার রাফায়েল নাদালের সামনে আরও বড় অর্জনের হাতছানী। সত্যিই তাই। আজ থেকে শুরু হচ্ছে ফ্রেঞ্চ ওপেন। রোঁলা গারোয় শিরোপা জিতলেই নাদাল হয়ে যাবেন একই গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে সর্বোচ্চ আট শিরোপাজয়ী ইতিহাসের প্রথম খেলোয়াড়।
আট শিরোপার কীর্তি অবশ্য একজনের আছে। সেটাও এই ফ্রেঞ্চ ওপেনেই। তবে ১৯২৫ সালের আগে ম্যাক্স ডেকুগিসের সেই কীর্তিকে ঠিক রেকর্ড হিসেবে ধরা হয় না। কারণ ১৯২৫ সালের আগে ফ্রেঞ্চ ওপেনে অংশ নিতেন শুধুই ফ্রেঞ্চ ক্লাবের সদস্যরা। টুর্নামেন্ট বৈশ্বিক রূপ পাওয়ার পর নাদালের সাতটিই এখানে সর্বোচ্চ।
২৬ বছর বয়সী স্প্যানিয়ার্ড আছেনও দুর্দান্ত ফর্মে। চোট থেকে ফিরে আটটি টুর্নামেন্টেরই ফাইনালে খেলে ছয়টিরই শিরোপা জিতেছেন। একটা অস্বস্তির খবরও অবশ্য আছে। যাঁকে মনে করা হচ্ছে নাদালের প্রধান বাধা, সেই নোভাক জোকোভিচের সঙ্গে তাঁর দেখা হতে পারে সেমিফাইনালেই। জোকোভিচের সামনে আবার নাদাল ও ফেদেরারের পর উন্মুক্ত যুগে তৃতীয় খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম পূর্ণ করার হাতছানি। গত বছর এই নাদালই গুঁড়িয়ে দেন জোকোভিচের টানা চারটি গ্র্যান্ড স্লাম জয়ের স্বপ্ন। জোকোভিচ হেরেছিলেন ফাইনালে।
এবার তাই তাঁর সামনে প্রতিশোধের সুযোগ। কিন্তু এখনো অতদূর ভাবতে রাজি নন জোকোভিচ। নাদালের সঙ্গে সম্ভাব্য সাক্ষাত সম্পর্কে প্রশ্ন করার ওপরই ‘নিষেধাজ্ঞা’ জারি করেছেন সার্বিয়ান তারকা। তবে এটাও বলছেন, মন্টে কার্লো মাস্টার্সে নাদালকে হারিয়ে শিরোপা জয় তাঁকে অনুপ্রাণিত করছে। এই দুজনের পাশে ফেদেরারও ফেবারিট হিসেবে থাকেন। যদিও রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লামজয়ী ‘সুইস এক্সপ্রেস’ নিজের কথা না বলে প্রশংসায় ভাসিয়েছেন নাদালকেই।
পুরুষ এককে যদি ফেবারিট হন নাদাল, মহিলা এককে সেরেনা উইলিয়ামস। যদিও ইতিহাস তা বলে না। ক্যারিয়ারে ১৫টি গ্র্যান্ড স্লাম জিতলেও রোলাঁ গাঁরোয় উৎসব করতে পেরেছেন মাত্র একবার—২০০২ সালে। তবে এবার সত্যিই দুর্দান্ত ফর্মে আছেন সেরেনা। টানা চারটি টুর্নামেন্টে শিরোপা জিতেছেন। যার দুটিই মার্টির কোর্টে। ক্যারিয়ার-সেরা টানা ২৪ ম্যাচে জিতেছেন। এবার তাই সেরেনার ১১ বছরের অপেক্ষা ঘুচে যাওয়ার কথা। সেরেনার পাশাপাশি বর্তমান চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা ও ভিক্টোরিয়া আজারেঙ্কাও ফেবারিট। এএফপি।