জোকোভিচেরও বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোকোভিচ ‘দৈত্য’ বধ করে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পা রাখা, স্তানিস্লাস ভাভরিঙ্কার উচ্ছ্বাসটা বোঝাই যাচ্ছে  এএফপি
জোকোভিচ ‘দৈত্য’ বধ করে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পা রাখা, স্তানিস্লাস ভাভরিঙ্কার উচ্ছ্বাসটা বোঝাই যাচ্ছে এএফপি

শেষ পর্যন্ত কী চমক নিয়ে অপেক্ষা করছে এবারের অস্ট্রেলিয়ান ওপেন?
তারকা-পতনের মিছিল যে চলছেই! মেয়েদের এককের সবচেয়ে বড় ফেবারিট সেরেনা উইলিয়ামস গেছেন। মারিয়া শারাপোভা গেছেন। কাল গেলেন নোভাক জোকোভিচও। তাঁকে হারিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠেছেন স্তানিস্লাস ভাভরিঙ্কা। কাল ঘটনা ঘটেছে আরও একটি। আগের রাউন্ডে সেরেনাকে হারানো আনা ইভানোভিচ কাল নিজেই অঘটনের শিকার। তাঁকে হারিয়ে প্রথম কানাডিয়ান মেয়ে হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠেছেন ইউজেনি বুচার্ড।
অস্ট্রেলিয়ান ওপেনে চারবার শিরোপা জিতেছেন জোকোভিচ। জিতেছেন গত তিন বছরই। সার্বিয়ান তারকা এবার মেলবোর্নে এসেছিলেন উন্মুক্ত যুগের প্রথম খেলোয়াড় হিসেবে পঞ্চম শিরোপার মিশন নিয়ে। সেই মিশন কোয়ার্টার ফাইনালেই থেমে যাবে, ম্যাচ শুরুর আগে কে-ই বা ভেবেছিল! প্রথম সেটটা জিতে নিয়েছিলেন জোকোভিচই। কিন্তু পরের দুই সেট জিতে তাঁকে চাপে ফেলে দেন স্তানিস্লাস। চতুর্থ সেট জিতে জোকোভিচ ঘুরে দাঁড়ালেও শেষ পর্যন্ত স্তানিস্লাসই হেসেছেন। চার ঘণ্টার লড়াইয়ে রজার ফেদেরারের স্বদেশির জয় ২-৬, ৬-৪, ৬-২, ৩-৬, ৯-৭ গেমে। তাতে থেমে গেল অস্ট্রেলিয়ান ওপেনে জোকোভিচের টানা ২৫ ম্যাচের জয়রথ।
গত বছর অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে এবং ইউএস ওপেনে এই জোকোভিচের কাছেই পাঁচ সেটের লড়াইয়ে হেরেছিলেন স্তানিস্লাস। কাল সে রকমই উত্তেজনাপূর্ণ লড়াইয়ে জয়ী হয়ে সুইজারল্যান্ড তারকা ছিলেন উচ্ছ্বসিত, ‘গত বছর (অস্ট্রেলিয়ান ওপেনে) আমি শেষ করতে পারিনি। সেটা ছিল খুবই কঠিন। এ বছর আবার ফিরে এসেছি। দারুণ লাগছে। আমি সত্যিই খুব..খুব...খুবই খুশি।’
ইভানোভিচের বিপক্ষে ১৯ বছর বয়সী বুচার্ডের জয়টা ৫-৭, ৭-৫, ৬-২ গেমে। তবে দুবারের রানারআপ লি না ঠিকই পেরিয়েছেন শেষ আটের বাধা। ইতালির ফ্লাভয়া পেনেত্তাকে ৬-২, ৬-২ গেমে হারিয়ে শেষ চারে চীনা মেয়ে। সেখানে তাঁর প্রতিপক্ষ বুচার্ড। পুরুষ এককে স্তানিস্লাসের প্রতিপক্ষ টমাস বার্ডিচ। চেক তারকা অন্য কোয়ার্টার ফাইনালে ৬-১, ৬-৪, ২-৬, ৬-৪ গেমে হারিয়েছেন স্পেনের ডেভিড ফেরারকে।
পুরুষ-মহিলা এককের বাকি চারটি কোয়ার্টার ফাইনাল আজ। তবে টেনিসপ্রেমীদের বেশি কৌতূহল থাকবে রড লেভার অ্যারেনার সকালের ম্যাচটাকে ঘিরেই। এ ম্যাচেই যে মুখোমুখি হবেন শিরোপার অন্যতম দুই দাবিদার ফেদেরার ও অ্যান্ডি মারে। এএফপি।