জোড়া লাগছে রুনির সংসার
বছরখানেক আগে সন্তানসম্ভবা স্ত্রী কলিন ম্যাকলফলিনকে ঘরে রেখে ওয়েইন রুনির দুজন যৌনকর্মীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ঘটনা ফাঁস হয়ে যাওয়ার পর কত কাণ্ডই না ঘটে গেল! বিয়ে ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল। রুনির সঙ্গে কথা বলা পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন কলিন, স্বামীর সঙ্গে যে বাড়িতে থাকতেন সেটি ছেড়ে ১০ মাস বয়সী সন্তানকে নিয়ে উঠেছিলেন মা-বাবার বাড়িতে। তবে সবকিছু এখন শুধুই অতীত বলে মনে হচ্ছে। ব্রিটিশ দৈনিক দ্য সান জানিয়েছে, গতকাল মঙ্গলবার রাতে একটি রেস্টুরেন্টে বেশ অন্তরঙ্গ সময় কাটিয়েছেন রুনি-কলিন দম্পতি।দীর্ঘ বিরহের পর মিলন হলে যা হয়, একে অপরকে পেয়ে যেন তার চেয়েও বেশি কিছু পেয়েছিলেন এ দম্পতি। লোকভর্তি রেস্টুরেন্টে সারা রাত কাটিয়েছেন উষ্ণ ভালোবাসায়। একজন প্রত্যক্ষদর্শী বলেন, তাঁদেরকে উঠতি বয়সী প্রেমিক-প্রেমিকার মতো মনে হয়েছে। এত লোকের মধ্যেও সারা রাত ধরে তাঁরা অন্তরঙ্গ ছিলেন, দেখতে সত্যিই খুব ভালো লাগছিল। এত কিছু ঘটে গেছে দেখে বোঝার উপায় ছিল না।