জোন্সের ‘ফেরা’
মারিয়ন জোন্সের কথা মনে আছে? হ্যাঁ, সেই মায়াবী মুখের অ্যাথলেট। ২০০০ সালের সিডনি অলিম্পিকে যে অ্যাথলেট ৩টি সোনা ও ২টি ব্রোঞ্জ জিতে ‘ইতিহাস’ গড়েছিলেন। সেই অ্যাথলেট, যিনি নিজের মুখে স্বীকার করেছিলেন, ওই সব অলিম্পিক পদকই ছিল ডোপ পাপ করে জেতা। সেই অ্যাথলেট, খেলোয়াড়ি জীবন যাঁর শেষ হয়ে গেছে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে দুই বছরের নিষেধাজ্ঞা ও ছয় মাসের কারা জীবনে।এত দিন পর আবার কেন সেই ট্র্যাজিক নায়িকা জোন্সের আলোচনা? কারণ জোন্সের খেলোয়াড়ি জীবন শেষ হয়ে যায়নি। গতকাল আনুষ্ঠানিকভাবে আবার খেলাধুলায় ফিরে এলেন সেই মারিয়ন জোন্স। না, এবার আর অ্যাথলেট পরিচয়ে নয়, বাস্কেটবল খেলোয়াড় হিসেবে।ডব্লুএনবিএর দল ‘তুলসা শক’ গত শুক্রবার চলতি মৌসুমের জন্য তাদের চূড়ান্ত দল ঘোষণা করে নিশ্চিত করে দিল জোন্সের বাস্কেটবলে ফেরা। একসময়ের বিশ্ব কাঁপানো অ্যাথলেট জোন্সের জন্য বাস্কেটবল খেলাটা অবশ্য নতুন কিছু নয়। ১৯৯৪ সালের জাতীয় কলেজ বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ জেতা নর্থ ক্যারোলাইনা দলের সদস্য ছিলেন তিনি।অ্যাথলেটিকসে যেহেতু আর ফেরা হবে না, খেলার মাঠে বাস্কেটবল দিয়ে ফিরতে পেরেই খুশি জোন্স। তিনি অবশ্য পুরোনো আলোচনায় যেতে আর রাজি নন, ‘এই আনন্দ আমি কী করে ভাষায় প্রকাশ করব? এখানে আসার জন্য অনেক কষ্ট করেছি। আমি জানি, অনেক চোখ আমাকে খুঁজে বেড়াবে। কিন্তু আমি এই দলে থাকতে পেরেই খুশি।’ বাস্কেটবল কি অনেক টাকা দেবে তাঁকে? এই লিগে গড়পড়তা বেতন মাত্র ৩৫ হাজার ডলার, যা অ্যাথলেট হিসেবে অপমৃত্যুর আগে বিভিন্ন পণ্যের দূতিয়ালি ও উপস্থিতি-অর্থের মাধ্যমে তাঁর আয় করা লাখ লাখ ডলারের ভগ্নাংশ মাত্র। তিনি আসলে ভালোবেসেই খেলাটিকে জড়িয়ে ধরতে চাইছেন। এএফপি, ওয়েবসাইট।