জোরানকেই কোচ করল বাফুফে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় কোচ নয়, একজন বিদেশির হাতেই জাতীয় ফুটবল দলের দায়িত্ব তুলে দিচ্ছে বাফুফে।দুদিন আগে বাফুফের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছিলেন, এসএ গেমসে (২৯ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি) অনূর্ধ্ব-২৩ দলের কোচ করা হবে মোহামেডান কোচ মারুফুল হককে। কিন্তু বিদেশি কোচ পেয়ে যাওয়ায় স্থানীয় কোচ নেওয়া হচ্ছে না। সেই বিদেশি কোচ অবশ্য একেবারে অপরিচিত কেউ নন, সাফ ফুটবলের সময় ঢাকায় সাক্ষাত্কার দিয়ে যাওয়া সার্বিয়ান কোচ জোরান জর্জেভিচ। যাঁর কোচিংয়ে ২০০৮-০৯ মৌসুমে ভারতের আই লিগে চ্যাম্পিয়ন হয়েছে চার্চিল ব্রাদার্স।এসএ গেমস ও এএফসি চ্যালেঞ্জ কাপের (কলম্বোয় ১৬ থেকে ২৭ ফেব্রুয়ারি) জন্য আপাতত জোরানকে নিয়োগ দেওয়া হবে। তারপর ‘ভালো’ মনে হলে দীর্ঘ মেয়াদে নিয়োগ। জোরানের সঙ্গে তাঁর স্বদেশি দুজন ট্রেনার আসবেন। কয়েক দিনের মধ্যেই তাঁরা ঢাকা পৌঁছাবেন এবং এসএ গেমসের জন্য বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু হবে ১৫ জানুয়ারি থেকে। বাংলাদেশ দলের গোলরক্ষক কোচ হিসেবে রেখে দেওয়া হয়েছে মোহাম্মদ পনিরকে এবং গেমস ফুটবলে ম্যানেজার করা হয়েছে জাতীয় দলের সাবেক কোচ হাসানুজ্জামান বাবলুকে।বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন দুদিন আগেও বলেছিলেন, ‘অল্প সময়ের জন্য বিদেশি কোচ দায়িত্ব নিতে চায় না। দুটি টুর্নামেন্ট স্থানীয় কাউকেই দায়িত্ব দিতে হচ্ছে।’ তবে ভেতরে ভেতরে তিনি জোরানকে দুটি টুর্নামেন্টে দায়িত্ব নেওয়ার অনুরোধ পাঠান এবং তাতে জোরান সায় দেওয়ার পরই কাল সন্ধ্যায় বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে ঘোষণা করা হয়েছে।সালাউদ্দিন বললেন, ‘তাঁকে ম্যানেজ করতে পেরেছি বলে নিয়োগ দিচ্ছি। আপাতত দুটি টুর্নামেন্টের জন্য। তার পর পছন্দ হলে দীর্ঘ মেয়াদে নেব।’এডসন সিলভা ডিডো দীর্ঘ মেয়াদে কাজ করার আগেই পড়লেন খাঁড়ার নিচে। তাঁর উত্তরসূরি সাহীদুর রহমান সান্টুকে সাফ ফুটবলের পরই বিদায়।জোরানের কোচিং-ক্যারিয়ার বেশ সমৃদ্ধই। ২০০০ সালে ইয়েমেন জাতীয় দলের কোচ ছিলেন। থাকেন দুবাইতে। কুয়েতের শীর্ষ সারির ক্লাব এফসি ফাহালিল, এফসি শাহেল, এফসি খাতানের কোচ ছিলেন। কুয়েতের কাতাসিয়া ক্লাবের ফুটবল স্কুল ও যুব উন্নয়ন প্রকল্পের পরিচালক হিসেবে কাজ করেছেন। ১৯৯৩-৯৪ মৌসুমে সৌদি আরবের আল হিলাল ক্লাব তাঁর কোচিংয়ে ওই মৌসুমের ঘরোয়া সবগুলো শিরোপাই জিতেছে।বেলগ্রেড বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্যাল এডুকেশনে ডিগ্রি নেওয়া জোরান ফুটবল খেলেছেন যুগোস্লাভিয়ার রডনিচ ক্লাব, ডায়নামো জাগ্রেব দলের হয়ে। কোচিংয়ে নিয়েছেন সিক্স ফিফা অ্যাডভান্স কোচিং কোর্স সার্টিফিকেট।