জোরালো হচ্ছে সৌরভকে কোচ করার দাবি
একের পর এক ব্যর্থতা। ভারতের কোচ হিসেবে ডানকান ফ্লেচারের ভিতটাই নড়বড়ে হয়ে গেছে। জিম্বাবুইয়ান এই কোচকে সরিয়ে দেওয়ার দাবিটা দিন দিন আরও জোর পাচ্ছে। তাঁর পর কে নেবেন ভারতের দায়িত্ব? বছরের শুরুতে সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী বলেছিলেন কোনো ভারতীয়র হাতেই দেওয়া উচিত জাতীয় দলের দায়িত্ব। ইঙ্গিত দিয়েছিলেন সুযোগ পেলে তাঁর নিজেরও কোচ হতে আপত্তি নেই।সেই শুরু। এরপর বিষান সিং বেদি, কীর্তি আজাদ ও গুন্ডাপ্পা বিশ্বনাথের মতো সাবেক ক্রিকেটাররা বিভিন্ন সময়ে বলেছেন সৌরভই ভারতের কোচ হওয়ার দৌড়ে যোগ্যতম প্রার্থী। পরশু এটাই যেন প্রতিধ্বনিত হলো সাবেক অফ স্পিনার রাজেশ চৌহানের কণ্ঠে। ভারতের হয়ে ২১টি টেস্ট খেলা এই বোলার এখনই ফ্লেচারকে সরিয়ে সৌরভকে কোচ করার পক্ষে। নিজের মতের পক্ষে যুক্তিও দিয়েছেন চৌহান, ‘দাদাই আমাদের জন্য যোগ্য লোক। ভারতীয় দলের পড়ে যাওয়া মনোবলটা গাঙ্গুলীই ফিরিয়ে আনতে পারেন। একের পর এক হারের পর সে-ই পারে দলে সঠিক পরিবর্তন আনতে।’ ওয়েবসাইট।