জোহানেসবার্গে নাজেহাল পাকিস্তান
দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্সে জোহানেসবার্গ টেস্টে রীতিমতো নাকানি-চুবানি খাচ্ছে সফরকারী পাকিস্তান। ব্যাট হাতে লজ্জাজনকভাবে সর্বনিম্ন রানের (৪৯) নতুন রেকর্ড গড়ার পর বল হাতেও খুব একটা সফল হতে পারছেন না পাকিস্তানের বোলাররা। ২০৪ রানের বিশাল ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করার পর মাত্র ৩ উইকেট হারিয়েই ২০৭ রান সংগ্রহ করে ফেলেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। জোহানেসবার্গ টেস্টের মাত্র দ্বিতীয় দিন শেষে প্রোটিয়ারা এগিয়ে আছে ৪১১ রানের পাহাড়সম ব্যবধানে। ৬৩ রানে অপরাজিত থেকে ক্যারিয়ারের ১৫তম টেস্ট সেঞ্চুরিটির দিকে এগিয়ে যাচ্ছেন এবি ডি ভিলিয়ার্স। ৫০ রান করে অপরাজিত আছেন হাশিম আমলা।প্রথম ইনিংসে পাকিস্তানকে মাত্র ৪৯ রানে গুটিয়ে দেওয়ার পর কোনো রকম চাপ ছাড়াই দ্বিতীয় ইনিংস খেলতে নেমেছিলেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার অ্যালভিরো পিটারসেন ও গ্রায়েম স্মিথ। উদ্বোধনী জুটিতে ৮২ রান যোগ করে দলকে শক্ত ভিত্তি গড়ে দেন এই দুই ব্যাটসম্যান। টানা দুই ওভারে এই দুজনকেই সাজঘরে পাঠিয়ে পাকিস্তান শিবিরে খানিকটা উল্লাসের উপলক্ষ এনেছিলেন উমর গুল। ৫২ রান করে আউট হন স্মিথ। ২৭ রান আসে পিটারসেনের ব্যাট থেকে। এরপর খুব বেশি সময় উইকেটে থাকতে পারেননি গত ইনিংসে অর্ধশতক করা জ্যাক ক্যালিসও। সেসময় স্কোরবোর্ডে জমা হয়েছিল ৯৯ রান। তবে এরপর দিনের বাকিটা সময় আবার পাকিস্তানি বোলারদের হতাশায় পুড়িয়েছেন হাশিম আমলা ও এবি ডি ভিলিয়ার্স। ১০৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে আজ দ্বিতীয় দিন শেষ করেছেন এই দুই ব্যাটসম্যান।