জোড়-বিজোড়ের চক্করে সেরেনা-শারাপোভা
‘তিন রানির ফেরা’—বাংলাদেশ সময় আজ ভোর থেকে শুরু হওয়া এবারের অস্ট্রেলিয়ান ওপেনকে অনায়াসে দিয়ে দিতে পারেন এই অভিধা। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন। এ কারণেই এই টুর্নামেন্টের আলাদা মাহাত্ম্য। এবার এতে ভিন্ন মাত্রা যোগ করছে টেনিসের তিন রানির প্রত্যাবর্তন।অবসর ভেঙে ফেরার পর অস্ট্রেলিয়ান ওপেন দিয়েই গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে প্রত্যাবর্তন হচ্ছে বেলজিয়ামের জাস্টিন হেনিনের। আরেক বেলজিয়ান কিম ক্লাইস্টার্স অবসর থেকে ফেরা উদ্যাপন করেছেন গ্র্যান্ড স্লাম জিতেই। তবে অস্ট্রেলিয়ান ওপেনে ফিরছেন এই প্রথম। আর ২০০৮-এর অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা গত বছর এই টুর্নামেন্টে খেলতে পারেননি ইনজুরির কারণে। সে হিসাবে এবারের অস্ট্রেলিয়ান ওপেনটা তাঁরও ফেরার টুর্নামেন্ট। তিন সাবেক এক নম্বর তারকার সঙ্গে আছেন র্যাঙ্কিংয়ের বর্তমান এক নম্বর সেরেনা উইলিয়ামসও। র্যাঙ্কিং শীর্ষে থাকা সেরেনা অস্ট্রেলিয়ান ওপেনের অন্যতম ফেবারিট। তবে বছরের প্রথম গ্র্যান্ড স্লামও জিততে হলে তাঁকে একটি বৃত্ত ভাঙতে হবে। মেলবোর্ন পার্কে অস্ট্রেলিয়ান ওপেনের ট্রফিটা চারবার উঁচিয়ে ধরেছেন উইলিয়ামস পরিবারের ছোট মেয়ে। ২০০৩ সালে জিতেছেন প্রথম শিরোপা। পরের তিনটি জিতেছেন বিজোড় বছরগুলোয়। ২০১০-এর এই জোড় বছরে কি বিজোড়ের বৃত্ত ভাঙতে পারবেন সেরেনা?ওদিকে শারাপোভার জন্য আবার শুভ হলো জোড় সংখ্যা। ক্যারিয়ারের তিনটা গ্র্যান্ড স্লাম শিরোপা। তিনটা জিতেছেন ২০০৪, ২০০৬ আর ২০০৮ সালে। দুই বছর করে বিরতি। ২০১০ তো শারাপোভার জেতারই বছর!গত বছর সেরেনা শিরোপা জিতেছিলেন দিনারা সাফিনাকে হারিয়ে। র্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা সাফিনার অবশ্য এবার খেলবেন কি না তারই ঠিক নেই। পিঠের ব্যথায় ভুগছেন। সেরেনার মতো প্রত্যয়ও নেই তাঁর কণ্ঠে, ‘আমি অস্ট্রেলিয়ার দিকে চেয়ে আছি। তবে পুরো ফিট না হলে খেলব না।’মেয়েদের টেনিসের প্রত্যাবর্তন আর চোট নিয়ে এত কথা হচ্ছে, কিন্তু স্নায়ুক্ষয়ী লড়াই তো হবে পুরুষ বিভাগে। গতবারের ফাইনালে রাফায়েল নাদালের কাছে হারের পর রজার ফেদেরারের কান্নার সেই ছবিটা কে ভুলতে পেরেছে? ফেদেরার গতবারের হারের শোধ তুলতেই পারেন এবার। র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা এই দুই যুযুধানকে আগেই বিদায় করে ট্রফি হাতে তোলার মতো প্রতিযোগী বেশ কয়েকজন আছেন। র্যাঙ্কিংয়ের তিনে থাকা নোভাক জোকোভিচ, অ্যান্ডি মারে, ফর্মে থাকা নিকোলাই ডেভিডেঙ্কো, হুয়ান মার্টিন দেল পোত্রোরা কিন্তু তৈরি আছেন। এএফপি।