জোড়া গোল ছাপিয়ে আলোচনায় নেইমারের হলুদ কার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হলুদ কার্ড দেখেও হাসছেন নেইমার!
হলুদ কার্ড দেখেও হাসছেন নেইমার!

লিওনেল মেসির অভাবটা যেন বুঝতেই দিচ্ছেন না নেইমার। চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ ম্যাচে হ্যাটট্রিকের পর গতকালও ব্রাজিলিয়ান তারকার জোড়া গোলেই ভিলারিয়ালকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। চার দিনের মধ্যে পাঁচ গোল! তবে পুরো ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেও শেষ মুহূর্তে কিছুটা বিতর্ক টেনে আনলেন নেইমার। ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করে দেখেছেন হলুদ কার্ড। যার খেসারতটা লা লিগার পরের ম্যাচেই দিতে হবে বার্সাকে। এবারের মৌসুমে পাঁচটি হলুদ কার্ড দেখায় গেটাফের বিপক্ষে নেইমারকে ছাড়াই খেলতে হবে বার্সেলোনাকে।
ম্যাচের শেষ মুহূর্তে একটা কর্নার কিক নিতে গিয়ে অযথাই সময় নষ্ট করছিলেন নেইমার। কিছুক্ষণ অপেক্ষা করার পর রেফারিও দেখিয়ে দিয়েছেন হলুদ কার্ড। প্রথমে কিছুটা বিরোধিতা করার চেষ্টা করেছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। কিন্তু পরে কর্নার ফ্ল্যাগ ধরে দাঁড়িয়ে যেভাবে দর্শকদের সঙ্গে হাসি বিনিময় করছিলেন তা দেখে মনে হয়েছে, রেফারির এই সিদ্ধান্তে যেন খুশিই হয়েছেন তিনি। অনেকেই ধারণা করছেন, নেইমার ইচ্ছা করেই সময় নষ্ট করেছিলেন হলুদ কার্ড দেখার জন্য। কিন্তু যেটা ফুটবলাররা সব সময়ই এড়ানোর চেষ্টা করেন, সেই কার্ডই কেন দেখতে চাইবেন তিনি?
লা লিগায় বার্সেলোনাকে পরবর্তী দুটি ম্যাচে মুখোমুখি হতে হবে গেটাফে আর এলচের বিপক্ষে। তারপর এবারের মৌসুমে কাতালানদের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচটি আছে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। নেইমার এই হলুদ কার্ডটি এলচের বিপক্ষে দেখলে অ্যাটলেটিকোর বিপক্ষে খেলাই হতো না। এ কারণে কৌশল করে নেইমার ইচ্ছাকৃত হলুদ কার্ড দেখেছেন বলেই কারও কারও অনুমান। যেন নিষেধাজ্ঞার খাঁড়া তুলনামূলক দুর্বল দলের ওপর দিয়েই যায়।

ঘটনা সত্যিই এ রকম কি না, সেটা অবশ্য নিশ্চিত করে বলা কঠিন। কিন্তু অ্যাটলেটিকোর বিপক্ষে ম্যাচটিতে যে বার্সেলোনা নেইমারকে কোনোভাবেই হারাতে চাইবে না, সেটা হলফ করেই বলা যায়। এবারের মৌসুমে শিরোপা জয়ের প্রধান লড়াইটা যে অ্যাটলেটিকোর সঙ্গেই করতে হচ্ছে বার্সেলোনাকে। আজ ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয় পেলেই ৪৩ পয়েন্ট নিয়ে বার্সেলোনার পাশে বসে যাবেন ডিয়েগো সিমিওনের শিষ্যরা। মুখোমুখি লড়াইয়ে তাদের বিপক্ষে জয় পাওয়ার জন্য তাই সর্বশক্তি দিয়েই লড়তে হবে বার্সাকে।