জোড়া গোলে দুরন্ত শুরু নেইমারের

ব্রাজিল-ক্রোয়েশিয়ার উদ্বোধনী ম্যাচে এ বিশ্বকাপের সব প্রথমের জন্ম দেবে, সেটাই স্বাভাবিক। কিন্তু ম্যাচের প্রথমার্ধে যে কয়েকটি ‘প্রথমে’র জন্ম হলো, তাতে ব্রাজিলের সমর্থকদের অম্ল-মধুর অনুভূতি মিশে রইল। যেমন—প্রথম গোলটি হলো ক্রোয়েশিয়ার। অথচ সেটিতে মূল অবদান ব্রাজিলের মার্সেলোর! আত্মঘাতী গোলে ১১ মিনিটেই ০-১ ব্যবধানে পিছিয়ে পড়ল সেলেসাওরা।
ম্যাচের ২৭ মিনিটে এ বিশ্বকাপের প্রথম হলুদ কার্ড দেখে বসলেন দলের সবচেয়ে বড় ভরসা নেইমার! কিন্তু ওই কার্ডই তাতিয়ে দিল ব্রাজিলীয় ফরোয়ার্ডকে। যেন আরও চাঙা হয়ে উঠলেন তিনি। কার্ড দেখার ঠিক দুই মিনিটে সব যাতনার উপশম ঘটালেন। দারুণ এক গোলে দলকে সমতায় ফেরালেন ব্রাজিলীয় ফরোয়ার্ড। এরপর ৭১ মিনিটে বিশ্বকাপের প্রথম পেনাল্টি থেকে আদায় করলেন গোল। বিশ্বকাপের প্রথম জোড়া গোলও তাঁর। তাই ম্যাচসেরা ভাবতে বিচারকদের এতটুকু ভাবতে হয়নি। দুর্দান্ত খেলা নেইমারই ম্যাচসেরা।
ম্যাচে নেইমারের পরিসংখ্যান:
খেলেছেন: ৮৮ মিনিট
মোট পাস: ৪৯টি
লক্ষ্যে শট নিয়েছেন: ৪টি
গোলসংখ্যা: ২টি।