জোড়া গোলে ম্যান সিটি অভিষেক অ্যাগুয়েরোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরো ইংলিশ প্রিমিয়ার লিগের পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারবেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছিল অনেকেই। কিন্তু ৬৪ মিলিয়ন ডলারের বিনিময়ে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ম্যানচেস্টার সিটিতে নাম লেখানোর পর গতকাল প্রথম ম্যাচেই সেই সংশয় উড়িয়ে দিয়েছেন অ্যাগুয়েরো। জোড়া গোল করেই শুরু করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্যারিয়ার। তাঁর জোড়া গোলে শিরোপা প্রত্যাশী ম্যান সিটিও সোয়ানসি সিটিকে হারিয়েছে ৪-০ গোলে। অন্য দুটি গোল করেছেন ডেকো ও সিলভা।বড় ব্যবধানে জয় পেলেও প্রথমার্ধে খুব বেশি সুবিধা করে উঠতে পারেনি ম্যান সিটি। কয়েকবার গোলের সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত গোলশূন্যভাবেই শেষ হয় প্রথম ৪৫ মিনিট। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরীয়া হয়ে ওঠে ম্যান সিটি স্ট্রাইকাররা। ৫৭ মিনিটে প্রথম গোলটি করেন ডেকো। ৬৮ মিনিটে রিচার্ডের নিচু একটা ক্রস থেকে নিজের প্রথম গোলটি করেন অ্যাগুয়েরো। তিন মিনিট পরেই ব্যবধান আরও বাড়িয়ে দেন সিলভা। ৩-০ গোলে এগিয়ে যায় ম্যান সিটি। খেলার একেবারে শেষ মুহূর্তে দূরপাল্লার এক শট থেকে সোয়ানসি সিটির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন অ্যাগুয়েরো।ম্যাচ শেষে আর্জেন্টাইন এই স্ট্রাইকারের ভূয়সী প্রশংসা করেছেন রবার্তো মানচিনি। তবে প্রিমিয়ার লিগে পুরোপুরি মানিয়ে নিতে তাঁর আরও দুই তিন সপ্তাহ সময় লাগতে পারে বলে মনে করছেন ম্যান সিটি কোচ। তিনি বলেছেন, ‘অ্যাগুয়েরো একজন চমত্কার স্ট্রাইকার। আমি তার পারফরমেন্সে খুবই উল্লসিত। তবে এখানে পুরোপুরি মানিয়ে নিতে তার আরও দুই বা তিন সপ্তাহ লাগতে পারে।’ রয়টার্স।