জোড়া গোলে শুরু রাউলের
দলে ‘ব্রাত্য’ হয়ে তিনি রিয়াল মাদ্রিদ ছাড়তে পারেন, কিন্তু একেবারেই ফুরিয়ে যাননি। সেটার প্রমাণ দিতেই হয়তো শালকে জিরো ফোরে গোলের খাতা খুললেন জোড়া গোল করে। তাঁর দুই গোলের সুবাদে প্রাক-মৌসুম চার দলের টুর্নামেন্টে শালকে ৩-১ গোলে হারিয়েছে লিগ চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে। প্রথম গোল কিন্তু হজম করতে হয়েছিল শালকেকেই। ৬ মিনিটে ডেনিচ মুজিচের ওই গোলের পরই দুটি গোল করেন রাউল। শালকের তৃতীয় গোলটি ব্রাজিলিয়ান স্ট্রাইকার এডুর। গত মাসে রিয়াল ছেড়ে আসা রাউল নতুন দলের হয়ে গোল করতে পেরে দারুণ উচ্ছ্বসিত। তাঁর দুই গোলের পেছনে সতীর্থদের অবদানকেও ম্যাচ শেষে স্মরণ করলেন স্প্যানিয়ার্ড স্ট্রাইকার, ‘খুব সহজে মানিয়ে নিতে সতীর্থরা সাহায্য করেছে আমাকে। এমন ভালো একটা দলে খেলতে পেরে আমি খুব খুশি।’রাউলময় ম্যাচে অবশ্য পুরো শক্তির দল ছিল না বায়ার্ন। রিজার্ভ বেঞ্চের ৫ জনকে মাঠে নামিয়েছিল তারা। ওয়েবসাইট।