জ্লাতান ইব্রাহিমোভিচ, এডিনসন কাভানি, সার্জিও আগুয়েরো, মেসুত ওজিল, টমাস মুলার, এডেন হ্যাজার্ডের মধ্যে মিল কী? এই ফুটবলারদের মধ্যে বিশেষ কোনো যোগসূত্র বের করা দুষ্কর। তবে পরশু তাঁরা সবাই মিলে গিয়েছিলেন একবিন্দুতে। দলের জয়ে তাঁদের প্রত্যেকেই অবদান রেখেছেন জোড়া গোল করে!
গোলবহুল এক দিনে মনে রাখার মতো কিছু গোলও দেখেছে ইউরোপ। ইব্রা আর কাভানি যেন নেমেছিলেন নিজেদের ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায়। বাস্তিয়ার সঙ্গে দুর্দান্ত এক ব্যাকহিলে গোল করে শুরুটা করেছিলেন ইব্রা। তাঁর জোড়া গোল করার পর দৃশ্যপটে আসেন কাভানি। উরুগুয়ে স্ট্রাইকারের প্রথম গোলটাও অনেক দিন মনে রাখবে সবাই। পরে কাভানি করেছেন আরেকটা গোল। পিএসজি উঠে গেছে পয়েন্ট তালিকার শীর্ষে। কাল সোশোর সঙ্গে ২-২ গোলে ড্র করে মোনাকো পিছিয়ে গেছে ২ পয়েন্টে।
তবে ফুটবল তো শেষ পর্যন্ত দলীয় খেলা। জ্যাক উইলশেয়ারের গোলটা সে ক্ষেত্রে কোচিং ম্যানুয়ালেই ঢুকে যেতে পারে। সান্তি কাজোরলা ও অলিভিয়ের জিরুর সঙ্গে দারুণ পাস খেলে করা গোলটা মনে করিয়ে দিয়েছে অঁরি, পিরেসদের সেই ‘অজেয় আর্সেনালকে’। ওয়েঙ্গার নিজেও ম্যাচ শেষে আলাদা করে কথা বলেছেন গোলটা নিয়ে, ‘এটা ছিল আসলেই সেরাগুলোর একটা। আমার মনে হয় এই মৌসুমে আমরা অনেকগুলো গোল করেছি, কিন্তু প্রথমটা ছিল অন্য রকম।’ উইলশেয়ারের গোল দিয়ে শুরু, এরপর আর্সেনাল দিয়েছে আরও তিন গোল। জোড়া গোল করে ওজিল জানিয়ে দিয়েছেন, তাঁকে নিয়ে মাতামাতি অমূলক নয় মোটেও।
প্রিমিয়ার লিগে জোড়া গোল করেছেন চেলসির হ্যাজার্ডও। তবে ইতোর গোলটাই বেশি স্বস্তি দেবে মরিনহোকে। পরশুই যে মৌসুমে প্রথমবারের মতো চেলসির হয়ে একজন খাঁটি স্ট্রাইকার গোল করলেন! ম্যানচেস্টার সিটির হয়ে আগুয়েরোও করেছেন দুই গোল। অ্যাস্টন ভিলাকে সিটি হারিয়েছে ৩-১ গোলে।
জার্মান লিগে একই কাজ করেছেন টমাস মুলার। আর তাঁর দল বায়ার্ন মিউনিখও মেইনজকে হারিয়েছে ৪-১ গোলে। সিরি ‘আ’তে ভালটার বিসলার গোলে মিলান হারিয়েছে উদিনেসেকে (১-০)। এএফপি।