মানিয়ে নেওয়ার প্রথম পরীক্ষাটা ভালোই হলো। বল হাতে আলো ছড়ালেন মাশরাফি বিন মুর্তজা। সাকিব আল হাসান, মুশফিকুর রহিমের ব্যাটে ফর্ম ধরে রাখার ইঙ্গিত। ঔজ্জল্য ছড়ালেন মোহাম্মদ আশরাফুল। সব মিলিয়ে দ্য গ্রিনের প্রস্তুতি ম্যাচের দিনটি ভালোই কাটল বাংলাদেশের। জোড়া জয় দিয়েই হলো আসল লড়াইয়ের প্রস্তুতি। প্রথম প্রস্তুতি ম্যাচে কাল আয়ারল্যান্ড একাদশের বিপক্ষে ৭ উইকেটে জেতে মুশফিকুর রহিমের দল। একই মাঠে নর্দান ক্রিকেট ইউনিয়ন নির্বাচিত একাদশের বিপক্ষে বাংলাদেশ জিতেছে ৪৮ রানে (ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে)।সিমিং কন্ডিশনে আইরিশ পেসাররা ভয়ংকর হবেন স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের মাশরাফিই বা কম কী! ইনিংসের প্রথম ওভারেই জাগালেন হ্যাটট্রিকের সম্ভাবনা। ওভারের দ্বিতীয় বলে বোল্ড করে দিলেন ওপেনার অ্যান্ড্রু বালবারনিকে। পরের বলে ইলিয়াস সানির ক্যাচ হয়ে ফিরে গেলেন আরেক ওপেনার জেমস শ্যানন। মাশরাফির হ্যাটট্রিক না হলেও মাত্র তিন রানের মধ্যে দুই ওপেনারকে হারানো আয়ারল্যান্ড একাদশ খেই হারিয়ে ফেলে ওখানেই। ইনিংসের তৃতীয় ও নিজের দ্বিতীয় ওভারের শেষ বলে অ্যান্ড্রু পয়েন্টারকে কট বিহাইন্ড করে আবারও আঘাত আনেন মাশরাফি। ১০ রানে আয়ারল্যান্ডের ৩ উইকেট উপড়ে ফেলে অনভ্যস্ত কন্ডিশনেও সতীর্থদের মনে আত্মবিশ্বাস ছড়িয়ে দিলেন দেশসেরা পেসার।এই আত্মবিশ্বাস ঘরের মাঠে লজ্জায়ই ফেলে দিচ্ছিল আইরিশ ক্রিকেটারদের। পর পর দুই ওভারে নেলসন আর হোয়াইটকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে ইলিয়াস সানির ঘূর্ণি বল। ২ ওভারের জন্য হাত ঘোরাতে এসে সহ-অধিনায়ক মাহমুদউল্লাহও নিলেন ১ উইকেট। তবে ৩৯ রানে ৫ উইকেট হারানোর পরও নাইজেল জোন্সের ব্যাট বিপর্যয় এড়িয়েছে আয়ারল্যান্ড একাদশের। জোন্সের ২৬ বলে অপরাজিত ৪১ রানেই এক শর মাইলফলক অতিক্রম করে দল। ৫৮ রানে ৬ উইকেট পড়ার পর সপ্তম উইকেটে ম্যাককানের সঙ্গে অবিচ্ছিন্ন ৪৫ রানের জুটি হয়েছে তাঁর। এর মধ্যে শেষ ৪ ওভারেই দুজন মিলে তুলেছেন ৪৪ রান।বোলারদের সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকেনি বাংলাদেশের ইনিংসের শুরুতে। দ্বিতীয় ওভারেই টম্পসনের অনেক বাইরের বলে ড্রাইভ খেলতে গিয়ে ব্যাটের কানায় লেগে ম্যাককানের ক্যাচ তামিম, ফিরেছেন মাত্র ৭ রান করে। আশরাফুল করেছেন ৯, ষষ্ঠ ওভারে টম্পসনের মিড অফের ওপর দিয়ে তুলে মারতে গিয়ে ধরা পড়েছেন ফন ডার মারউইর হাতে। অবশ্য ওয়ান ডাউনে নেমে সাকিব আল হাসান ততক্ষণে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছেন। আশরাফুল আউট হওয়ার আগের ওভারেই জোন্সকে থার্ডম্যানের ওপর দিয়ে ছক্কা, এক বল পর কভার দিয়ে বাউন্ডারি। ৩৭ বলে ৩৭ রান, এক ছক্কার সঙ্গে বাউন্ডারি চারটি—ইউরোপ সফরের সূচনা ম্যাচে সাকিবের এমন ব্যাটিং বাংলাদেশ দলের জন্য সুখবর।দলের ৩২ রানে আশরাফুলকে হারলেও সাকিব-মুশফিকের তৃতীয় উইকেট জুটিই জয়ের সুবাস ছড়াতে শুরু করে। হোয়াইটের বলে মুশফিক যখন বোল্ড হয়ে গেলেন, বাংলাদেশের জিততে প্রয়োজন মাত্র ১১ রান, ম্যাচের বাকি ছিল ৭ ওভার ২ বল। মাত্র ২৫ বলে ৪০ রানের ইনিংসে মুশফিকের বাউন্ডারি চারটি। চারটিই মেরেছেন ইয়াকিনের করা ইনিংসের ১১তম ওভারের দ্বিতীয় থেকে পঞ্চম বলে। এর আগে নবম ওভারে ইয়াকিনকে একটা ছক্কাও মেরেছেন লংঅন দিয়ে। ফন ডার মারউইকে মিড উইকেটের ওপর দিয়ে গেছে মুশফিকের আরেকটি ছক্কা।বাংলাদেশ ইনিংসের শেষ ছক্কাটি সহ-অধিনায়ক মাহমুদউল্লাহর এবং জোন্সকে মারা ওই ছক্কাই প্রথম প্রস্তুতি ম্যাচের জয়ের স্মারক। এক ৪ এক ছক্কায় ৬ বলে ১১ রান থেকে মাহমুদউল্লাহ নিশ্চয়ই খুঁজে পাবেন নতুন আত্মবিশ্বাস। প্রথম ম্যাচে ভালো করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে ভালো ব্যাটিং করেছেন আশরাফুল। নর্দান ক্রিকেট ইউনিয়নের বিপক্ষে আশরাফুলের অপরাজিত ৫২ রানের ইনিংসের সুবাদেই ১৬৪ রান করে বাংলাদেশ। তাঁর ৪৯ বলের ইনিংসটিতে আছে চারটি চার। জিয়াউর রহমানের ১১ বলে ২২ রানের ইনিংসটিও বড় স্কোর গড়তে ভূমিকা রেখেছে।রান তাড়া করতে এসে প্রথম ওভারেই ম্যাককানকে হারিয়ে ফেলে স্বাগতিক দলটি। শুরুর এই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ৪৪ রানে তারা হারায় ৪ উইকেট। প্রতিকূল আবহাওয়ার কারণে নিষ্পত্তির জন্য ডাকওয়ার্থ-লুইস পদ্ধতির আশ্রয় নেওয়ার আগে ১৩.২ ওভারে নর্দান ক্রিকেট ইউনিয়নের স্কোর ৬১/৫। সফল বোলার ইলিয়াস সানি, ৩ ওভারে ৭ রানে নিয়েছেন ২ উইকেট। তথ্যসূত্র: ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোরপ্রথম প্রস্তুতি ম্যাচআয়ারল্যান্ড একাদশ: ২০ ওভারে ১০৩/৬ (জোন্স ৪১*, হোয়াইট ১৬, ম্যাককান ১৫*। মাশরাফি ৪-০-১৪-৩, শফিউল ৪-০-২৯-০, রাজ্জাক ৪-০-১৭-০, সাকিব ৩-০-১৩-০, সানি ৩-০-১৪-২, মাহমুদউল্লাহ ২-০-১১-১)। বাংলাদেশ: ১৪.২ ওভারে ১০৭/৩ (তামিম ৭, আশরাফুল ৯, সাকিব ৩৭*, মুশফিক ৪০, মাহমুদউল্লাহ ১১*। থম্পসন ২/২৩, হোয়াইট ১/৯)। ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী।দ্বিতীয় প্রস্তুতি ম্যাচবাংলাদেশ: ২০ ওভারে ১৬৪/৫ (তামিম ২৪, আশরাফুল ৫২*, মাহমুদউল্লাহ ৪৩, নাসির ০, জিয়াউর ২২, জহুরুল ৯, জুনায়েদ ১২; থম্পসন ১/৩৫, জে থম্পসন ১/১১, কিড ২/৪৩, হোয়াইট ১/২০)নর্দান ক্রিকেট ইউনিয়ন: ১৩.২ ওভারে ৬১/৫ ( হোয়াইট ১৯, শ্যানন ১৬, নেলসন ১৪; নাজমুল ২-০-১১-১, আবুল হাসান ২-০-১২-০, রাজ্জাক ২-০-৮-০, ইলিয়াস সানি ৩-১-৭-২, মাহমুদউল্লাহ ১-০-২-০, নাসির ২-০-১০-০, জিয়াউর ১.২-০-৮-১)।ফল: ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে বাংলাদেশ ৪৮ রানে জয়ী