জোড়া ম্যাচ একটা সুযোগও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৯ বিশ্বকাপের পর এবারই প্রথম আয়ারল্যান্ড গেলেন আকরাম খান। সেবার গিয়েছিলেন খেলোয়াড় হয়ে, এবার দলের সঙ্গে প্রধান নির্বাচকের ভূমিকায়। এক যুগেরও বেশি সময় পর আরেকবার আয়ারল্যান্ড দর্শনে নতুন কোনো অভিজ্ঞতা কাল পর্যন্ত হয়নি আকরামের। টেলিফোনে বললেন, ‘পরিবর্তন খুব একটা দেখছি না। ঠান্ডাও আগের মতোই আছে...।’ক্রিকেট দলের বিদেশ সফরে গিয়ে সবকিছুর আগে মানিয়ে নিতে হয় আবহাওয়ার সঙ্গে। মাঠ কেমন, উইকেট কেমন এসব প্রশ্নের সঙ্গে মেঘ-বৃষ্টি-রোদও চিন্তার বড় খোরাক হয়ে দাঁড়ায়। বেলফাস্টে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের সেই চিন্তায় এখন পর্যন্ত সুবাতাস বইছে বলে খবর। স্পিনার আবদুর রাজ্জাক ও সফর-প্রধান বিসিবি সহসভাপতি আহমেদ সাজ্জাদুল আলমের সহযাত্রী হয়ে পরশু রাতে দলের সঙ্গে যোগ দিয়েছেন আকরাম। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী বেলফাস্টের তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াস হলেও বৃষ্টির ঝাপটাটা আর নেই। আগের তিন-চার দিনের মতো কালও বৃষ্টি হয়নি বেলফাস্ট ও এর আশপাশের এলাকায়। আজ দুই প্রস্তুতি ম্যাচের দিনটিও বৃষ্টির উৎপাতমুক্ত থাকবে বলে আশাবাদী ছিলেন টিম ম্যানেজার তানজীব আহসান।প্রস্তুতি ম্যাচ হবে বেলফাস্টের শহরতলির দেড় শ বছর পুরোনো নর্থডাউন ক্রিকেট ক্লাব মাঠে, বাংলাদেশ ম্যানেজার যেটাকে রসিকতা করে বললেন ফতুল্লা স্টেডিয়াম। আয়ারল্যান্ডের ‘ফতুল্লা স্টেডিয়ামে’র দুটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দল আজ খেলবে অ্যান্ড্রু হোয়াইটের নেতৃত্বাধীন আয়ারল্যান্ড একাদশ ও নর্দার্ন ক্রিকেট ইউনিয়ন নির্বাচিত একাদশের বিপক্ষে।ওই নর্থডাউন ক্রিকেট ক্লাব মাঠেই কাল সকাল ৯টা থেকে অনুশীলন করেছে মুশফিকুর রহিমের দল। টেলিফোনে কথা বলার সময় দূর থেকে মাঝ উইকেটে খেলোয়াড়দের অনুশীলন দেখছিলেন আকরাম খান। সুখবরও দিলেন একটা, দেশ ছাড়ার আগে কয়েকটা দিন চোট-জ্বরে ভুগলেও এখন নাকি ভালোই আছেন তামিম ইকবাল। ‘দলের কারোই কোনো সমস্যা নেই। তামিমও এখন ভালো আছে। আজ (গতকাল) অনুশীলনে ভালো ব্যাটিং করেছে’—বলছিলেন প্রধান নির্বাচক।প্রস্তুতি ম্যাচ, তাই জয়-পরাজয় নিয়ে খুব একটা চিন্তিত নয় বাংলাদেশ দল। আকরামও বললেন, ফলাফলের চেয়ে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ হিসেবে দেখছেন ম্যাচ দুটিকে, ‘ছেলেরা নতুন একটা জায়গায় এসেছে। দু-তিন দিন অনুশীলনের পর কালই (আজ) প্রথম ম্যাচ খেলতে নামবে। জয়-পরাজয়টা এখানে মুখ্য নয়। সিরিজের আগে যেন সবাই এখানকার আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে, সেটাই আসল।’প্রস্তুতি ম্যাচ দুটি হওয়ায় একদিক দিয়ে সুবিধাই দেখছে বাংলাদেশ দল। ১৫ সদস্যের দলের সবাইকেই অদলবদল করে খেলানোর সুযোগটা পাওয়া যাচ্ছে। ম্যানেজার তানজীব আহসানও সেটাই জানিয়েছেন, ‘আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়াটাই যেহেতু মূল লক্ষ্য, প্রস্তুতি ম্যাচে হয়তো দলের সবাইকেই খেলার সুযোগ দেওয়া হবে।’এই সুযোগ কতটা কাজে লাগাতে পারলেন, তার আসল পরীক্ষা হবে ১৮ জুলাই থেকে শুরু আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টির সিরিজে।