জোড়া সেঞ্চুরির প্রথম দিনটা নিউজিল্যান্ডের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনটা দারুণ কাটল স্বাগতিক নিউজিল্যান্ডের। ডানেডিনে দিনশেষে কিউইদের সংগ্রহ ৩ উইকেটে ৩৬৭ রান। সেঞ্চুরি করে অপরাজিত আছেন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম (১০৯) ও রস টেলর (১০৩)।
পিটার ফুলটন ও হামিশ রাদারফোর্ডের উদ্বোধনী জুটিতে আসে ৯৫ রান। শিলিংফোর্ডের বলে দিওনারাইনের হাতে ক্যাচ দিয়ে সবার আগে সাজঘরে ফেরেন ৬২ রানে থাকা রাদারফোর্ড। তাঁর জায়গায় আসা অ্যারোন ডেসমন্ড খুব একটা সুবিধা করতে পারেননি। টিনো বেস্টের শিকারে পরিণত হওয়ার সময় তাঁর সংগ্রহ ছিল ২০ রান। ৬১ রান করা ফুলটনের বিদায়ের সময় কিউইদের সংগ্রহ ছিল ১৮৫ রান। দিনের বাকি সময়টা ছিল শুধুই নিউজিলান্ডের। টেলর-ম্যাককালামের অবিচ্ছিন্ন জুটিতে এরই মধ্যে ১৮২ রান এসেছে। ১০১ বলে সেঞ্চুরির দেখা পান ম্যাককালাম। সেঞ্চুরির পথে কিউই অধিনায়ক হাঁকান ১৩টি চার ও তিনটি ছয়। টেলরের সেঞ্চুরিটা তুলনামূলক ধীরগতির ছিল। তিনি সেঞ্চুরি করেন ১৫০ বলে। সেঞ্চুরির পথে ১৩টি চার হাঁকান টেলরও। তবে কোনো ছয়ের মার ছিল না। প্রথম ইনিংসে নিউজিল্যান্ড যে রানের পাহাড় গড়তে চলেছে, এটা নির্দ্বিধায় বলে দেওয়া যায়।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৩৬৭/৩
(প্রথম দিনের খেলা শেষে)
ম্যাককালাম ১০৯*, টেলর ১০৩*, রাদারফোর্ড ৬২, ফুলটন ৬১
বেস্ট ১/৮৭ , স্যামি ১/৬৮, শিলিংফোর্ড ১/৮৮
টস: ওয়েস্ট ইন্ডিজ।
সূত্র: ক্রিকইনফো।