জোয়াকিমের দৃষ্টি বায়ার্নের দিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চেলসি ও বায়ার্ন মিউনিখের লড়াইটা একেবারেই ক্লাব অঙ্গনের। এর সঙ্গে আক্ষরিকভাবে জাতীয় দলের কোনো সম্পর্ক না থাকলেও লড়াইটা এখন ইংল্যান্ড বনাম জার্মানিও হয়ে দাঁড়িয়েছে। ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতাটা পরবর্তী মাস থেকে শুরু হতে যাওয়া ইউরোতেও প্রভাব ফেলবে বলে মনে করছেন জার্মানির কোচ জোয়াকিম লো। জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ যদি ইংল্যান্ডের চেলসিকে হারিয়ে শিরোপা জিততে পারে, তাহলে সেটা জার্মানির ইউরো জয়ের মিশনেও অনেক ইতিবাচক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন তিনি।ডর্টমুন্ডের কাছে হেরে জার্মান লিগ জয়ের স্বপ্নপূরণ অধরাই থেকে গেছে বায়ার্ন মিউনিখের। তাই এখন নিশ্চিতভাবেই চ্যাম্পিয়ন্স লিগটা জিতে মৌসুমটা ভালোভাবে শেষ করার প্রস্তুতি নিচ্ছে এই জার্মান জায়ান্ট। এই বায়ার্ন মিউনিখেরই আটজন খেলোয়াড় যোগ দেবেন জার্মানির ইউরো মিশনে। আর বায়ার্ন যদি চেলসিকে হারিয়ে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে পারে, তাহলে অনেক আত্মবিশ্বাস নিয়েই ইউরোটা শুরু করতে পারবে জার্মানি। এমনটাই মনে করছেন কোচ জোয়াকিম লো। তিনি বলেছেন, ‘লিগ ও জার্মান কাপ হারার পর যদি তারা নিজেদের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও হেরে যায়, তাহলে এটা বায়ার্নের জন্য খুবই হতাশাজনক হবে। খেলোয়াড়দের আত্মবিশ্বাসও কিছুটা কমে যাবে। হয়তো আমাকে এটা কাটানোর জন্য তাদের অন্তত দুই-তিন দিন সময় দিতে হবে। এ কারণেই তাদের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।’বায়ার্ন মিউনিখের ম্যানুয়েল ন্যুয়ের, হলগার বাডস্টুবার, জেরোমে বোয়েটাং, ফিলিপ লাম, বাস্তেইন শোয়েনস্টেইগার, থমাস মুলার, টনি ক্রুস ও মারিও গোমেজ খেলবেন জার্মানির ইউরো মিশনে। রয়টার্স।