জ্বললেন আরেক কিংসলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্সবের মধ্যমনি মুক্তিযোদ্ধার নাইজেরিয়ান স্ট্রাইকার এন কে ওচা কিংসলে। তাঁর দুই গোলেই মুক্তিযোদ্ধা কাল উঠে গেল ফেডারেশন কাপের সেমিফাইনালে  প্রথম আলো
উত্সবের মধ্যমনি মুক্তিযোদ্ধার নাইজেরিয়ান স্ট্রাইকার এন কে ওচা কিংসলে। তাঁর দুই গোলেই মুক্তিযোদ্ধা কাল উঠে গেল ফেডারেশন কাপের সেমিফাইনালে প্রথম আলো

মুক্তিযোদ্ধার দুই নাইজেরিয়ান স্ট্রাইকারের নামই কিংসলে। এলিটা কিংসলে বেশি পরিচিত। গ্রুপ পর্বের দুই ম্যাচে মুক্তিযোদ্ধাকে জেতাতে রেখেছেন বড় ভূমিকা। শেখ রাসেলের বিপক্ষে দলের জয়সূচক একমাত্র গোলটি তাঁরই। এন কে ওচা কিংসলে এবার নিয়ে বাংলাদেশে তৃতীয় মৌসুম খেললেও আগে সেভাবে প্রচারে আসেননি। এই কিংসলে কাল ২ গোল করে মুক্তিযোদ্ধাকে তুলে নিলেন ফেডারেশন কাপের সেমিফাইনালে।

ব্রাদার্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মুক্তিযোদ্ধার জয়ও ২-০ গোলে। প্রথমার্ধে গুছিয়ে খেলতে না পারলেও দ্বিতীয়ার্ধে দাপুটে মুক্তিযোদ্ধাকে আটকাতে পারেনি ব্রাদার্স। গোপীবাগের দলটির ফেডারেশন কাপ শেষ শেষ আট থেকেই। মুক্তিযোদ্ধা হয়তো চ্যাম্পিয়ন হওয়ার মতো সেরা দল গড়েনি। তবে তারা এই মৌসুমসূচক টুর্নামেন্টে দারুণ খেলছে। পজিশন অনুযায়ী ভালো খেলোয়াড় আছে কোচের হাতে। অভিজ্ঞ জাহিদ পারভেজকে পর্যন্ত সাইড বেঞ্চে বসে থাকতে হয়। ইকবাল, চৌমিনদের খেলাতে পারছেন না কোচ। অনুশীলনে খেলোয়াড়দের মধ্যে লড়াকু একটা মনোভাব এসেছে। এই ফেডারেশন কাপে ভালো খেললে লিগে সুযোগ মিলবে প্রথম একাদশে, কোচের এমন বার্তায় মুক্তিযোদ্ধার খেলোয়াড়েরা মাঠে এক শ ভাগ দিতে চাইছেন।

ব্রাদার্সকে হারাতে অভিজ্ঞতাও কাজে লাগিয়েছে মুক্তিযোদ্ধা। দ্বিতীয়ার্ধে জাহেদ, শাহেদ নামার পর তারা চাপে ফেলতে পেরেছে প্রতিপক্ষকে। ৬২ মিনিটে গোলমুখও খুলে যায় ব্রাদার্সের। জাহেদের কর্নারে বিপ্লব হেড করেছিলেন, বলটা জালে ঠেলে দেওয়ার বাকি কাজটা করেছেন কিংসলে। ৭০ মিনিটে দ্বিতীয় গোল। দেখার মতো এই গোলটির রূপকার মোহাডোনে অনূর্ধ্ব-১৬ পর্যায় থেকে উঠে আসা তরুণ মিডফিল্ডার বিপুল, তাঁর ডান প্রান্ত থেকে তোলা দারুণ ক্রসে লক্ষ্যভেদ কিংসলের হেডে।

তিন ডিফেন্ডার এবং পাঁচ মিডফিল্ডার নিয়ে আগের ম্যাচের মতো এদিনও খেলেছে মুক্তিযোদ্ধা। বিপুল, বিপ্লব, মারুফ, জিতু ও এনামুল মাঝমাঠে প্রথমার্ধে খেলাটা সেভাবে তৈরি করতে পারেননি, তবে দ্বিতীয়ার্ধে তাঁরা সবাই বেশ গুছিয়ে খেলেছেন। চোটমুক্ত হয়ে স্ট্রাইকার থেকে এনামুল এখন আক্রমণাত্মক মিডফিল্ডারের ভূমিকায়। মুক্তিযোদ্ধায় এসে বদলে গেছেন জাতীয় দলের সাবেক স্ট্রাইকার।

প্রথমার্ধে ব্রাদার্স খুব তাড়াহুড়ো করায় শক্তি হারিয়েছে। দ্বিতীয়ার্ধে তাদের ক্লান্তিকেই কাজে লাগিয়েছে মুক্তিযোদ্ধা। দুই দলের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য অনুশীলনে। মুক্তিযোদ্ধা অনেক অনুশীলন করেছে। ব্রাদার্স দিন কয়েক অনুশীলন করেই নেমেছে ফেডারেশন কাপে। খেলোয়াড়দের ফিটনেস, আত্মবিশ্বাস এখনো প্রত্যাশিত মানে আসেনি।

সংবাদ সম্মেলনে ব্রাদার্সের কোচ সৈয়দ নইমুদ্দিনও বললেন সেটাই। তাই এই বিদায়ে ব্রাদার্সের হতাশার কিছু নেই। মুক্তিযোদ্ধা যোগ্যতর দল হিসেবেই বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে জয় নিয়ে ফিরেছে। মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম তার পরও সতর্ক, ‘মাত্রই শেখ রাসেলকে হারিয়ে এবার ব্রাদার্সকে হারালাম। এতে আত্মতৃপ্তির কিছু নেই।’

সেমিফাইনালে মুক্তিযোদ্ধার প্রতিপক্ষ আজ শেখ রাসেল-বিজেএমসি ম্যাচের জয়ী দল। যেভাবে খেলছে মুক্তিযোদ্ধা, তাতে ফাইনালে ওঠাও তাদের জন্য অসম্ভব নয়।