জ্বলে উঠতে চান তিন পেসারই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের চরদুখিয়া থেকে ঢাকায় বেড়াতে এসেছে জুয়েল আহমেদ। মিরপুর থেকে এসেছে রাসেল ও রানা। প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান, আফতাব আহমেদকে খুব কাছ থেকে দেখে উত্তেজনায় যেন কাঁপছিল এই কিশোরেরা। কিন্তু মৌমাছির মতো ঘিরে ধরা এসব সমর্থকের দিকে তাকানোর ফুরসত তাঁদের ছিল না। তাঁরা ব্যস্ত তখন অনুশীলনে। কাল থেকে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের লড়াইয়েই অখণ্ড মনোযোগ তাঁদের।দুপুর ১২টায় শুরু হওয়া অনুশীলনে কোচ জেমি সিডন্স শিষ্যদের নিয়ে সবার আগে গেলেন ইনডোরে। সেখানে চারটি নেটে একনাগাড়ে ঘণ্টা তিনেক ব্যাটিং প্র্যাকটিস চালিয়ে গেলেন শাহরিয়ার নাফীস, মোহাম্মদ আশরাফুল, ইমরুল কায়েস, রকিবুল হাসানরা। বল করলেন তিন পেসার সৈয়দ রাসেল, রুবেল হোসেন ও শফিউল ইসলাম। বোলিং কোচ চম্পকা রমানায়েকে মাঝেমধ্যে বোলিং থামিয়ে একটু-আধটু পরামর্শ দিলেন নবাগত শফিউলকে। পাশে দাঁড়িয়ে সেগুলো মনোযোগী ছাত্রের মতো শুনতে দেখা গেল সৈয়দ রাসেল ও রুবেল হোসেনকেও। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ইনজুরি থেকে ফিরেছেন, কিন্তু এখনো ম্যাচ-ফিট নন। সেজন্যই টানা তৃতীয় ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না বাংলাদেশের প্রধান পেসারের। মাশরাফির জায়গাতইে দলে ঢুকেছেন শফিউল। কাল মাঠের পাশে দাঁড়িয়ে উত্তরসূরিকে প্রস্তুতি নিতে দেখলেন মাশরাফি। মাশরাফি রয়েছেন চোখের সামনে, কিন্তু খেলার সুযোগ পেলে শফিউলের মনের মধ্যে বিখ্যাত পূর্বসূরির নামটা ঘোরাফেরা করবে না তো? একটু কি বাড়তি চাপ অনুভব করবেন? না, শফিউল যথেষ্টই প্রত্যয়ী, মোটেই চাপ নেবেন না, ‘কার বদলে আমি দলে ঢুকেছি সেটা আসল কথা না। আমি এসব নিয়ে ভাবছিও না। দলে সুযোগ পেলে নিজের সেরাটাই খেলার চেষ্টা করব। আমার লক্ষ্য থাকবে লাইন-লেন্থ ঠিক রেখে বল করে যাওয়া।’ তা এই সিরিজে বগুড়ার এই তরুণ পেসারের অভিষেক ঘটে যাওয়ার সম্ভাবনা বেশ ভালোই। যেদিন ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি, ওই দিনই ইনজুরিতে পড়েছেন দলের আরেক পেসার নাজমুল হোসেন।তবে অভিষেকের সম্ভাবনার সামনে দাঁড়িয়েও কোনো লক্ষ্যের কথা বলতে রাজি নন শফিউল। শুধু জানিয়েছেন নিজের একটা গোপন ইচ্ছার কথা, ‘দিলশান বা সাঙ্গাকারাকে আউট করে পেতে চাই আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম উইকেট।’ আগামীকাল সিরিজের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, শফিউল প্রথম উইকেট শিকার করতে চান দিলশান অথবা সাঙ্গাকারাকে আউট করে। তাহলে কি প্রথম ম্যাচেই অভিষেকের অপেক্ষায় শফিউল? সেটি হয়তো আজ রাতে ঠিক করবে টিম ম্যানেজমেন্ট। তবে তার আগে মাশরাফির শুভকামনাই পেয়েছেন শফিউল, ‘ও তরুণ বোলার। প্রিমিয়ার লিগে ভালো করেছে বলেই ওকে দলে নিয়েছেন নির্বাচকেরা। ও সুযোগ পেলে মনে হয় ভালোই করবে।’ মাশরাফি নেই বলে খারাপ লাগছে সৈয়দ রাসেলের। তবে সেটা নিয়ে খুব বেশি চিন্তিত নন তিনি, ‘এর আগেও কিন্তু মাশরাফিকে ছাড়া আমি ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েতে খেলেছি। সেখানে ভালোই করেছিলাম। এখানেও আশা করি সমস্যা হবে না। সুযোগ পেলে ভালো কিছু করতে পারব। তবে মাশরাফি যেহেতু অভিজ্ঞ বোলার। ওর অভাব তো একটু মনে হতেই পারে আমাদের।’আবারও ত্রিদেশীয় সিরিজ। আবারও বাংলাদেশের অন্যতম প্রতিপক্ষ শ্রীলঙ্কা। রুবেল হোসেনের নিশ্চয়ই মনে পড়ে যাচ্ছে গত বছরের ১৬ জানুয়ারির কথা। মুত্তিয়া মুরালিধরনের উন্মাতাল ব্যাটিং (২১ বলে ৩৩) জয় ছিনিয়ে নিয়ে গিয়েছিল বাংলাদেশের। যেখানে এক ওভারে রুবেলই দিয়েছিলেন ২০ রান। এবার অবশ্য বাংলাদেশে আসেননি মুরালিধরন। মুরালি-দুঃস্বপ্নকে মাটিচাপা দিয়ে এবার রুবেল এই সিরিজে কিছু করে দেখাতে মরিয়া, ‘ওই ঘটনার জন্য আমার চেয়ে বেশি অনুতপ্ত আর কে বলুন? তবে ওসব ভুলে গেছি। ক্রিকেটে এমন হতেই পারে। এখন আমার সব চিন্তা এই সিরিজ ঘিরে।’ মাশরাফির অভাবে তিনিও হয়ে উঠতে পারেন দলের অন্যতম ভরসা। নিজের দায়িত্ব সম্পর্কে সচেতনই আছেন রুবেল, ‘সুযোগ পেলে এই সিরিজে নিজের সেরাটা উজাড় করে দেব।’