জ্বলে উঠতে প্রস্তুত মেসি

এরই মধ্যে খেলে ফেলেছেন দুটি বিশ্বকাপ। কিন্তু বিশ্বমঞ্চে লিওনেল মেসি ঠিক বার্সেলোনার মেসি হয়ে উঠতে পারেননি। এবার পারবেন? পারবেন ব্রাজিল বিশ্বকাপটাকে নিজের করে নিতে? যেভাবে ১৯৮৬ বিশ্বকাপটা নিজের করে নিয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা? মাঠে কী হয় সেটি আলাদা কথা৷ তবে মেসি প্রতিশ্রুতিই দিলেন৷ বিশ্বকাপে জ্বলে উঠতে তিনি তৈরি!
মেসির মতো একজন এমনটা বললে বিশ্বকাপই দারুণ কিছুর আশা জাগায়। কিন্তু বিশ্বকাপে গেলে যে মেসি গোল করাই ভুলে যান! দুই বিশ্বকাপ মিলিয়ে আট ম্যাচ খেলে করেছেন এক গোল৷ সেটাও ২০০৬ বিশ্বকাপে সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিপক্ষে বিশ্বকাপে নিজের অভিষেক ম্যাচে। ৭৫ মিনিটে বদলি হিসেবে নেমে ৮৮ মিনিটে দলের ৬ গোলের শেষটি করেছিলেন মেসি। ২০১০ বিশ্বকাপে বিশ্বসেরা খেলোয়াড়ের তকমা নিয়ে গেলেও পাঁচ ম্যাচে গোল করতে পারেননি একটিও। আর্জেন্টিনাও পেরোতে পারেনি কোয়ার্টার ফাইনালের বাধা।
বর্তমান চিত্রটা অবশ্য ভিন্ন। ‘বার্সেলোনার মেসি’অপবাদ মুছে তিনি এখন আর্জেন্টিনারও। বিশ্বকাপ বাছাইয়ে করেছেন ১০ গোল। কোচ আলেসান্দ্রো সাবেলা তো দলের পরিকল্পনাই সাজাচ্ছেন মেসিকে কেন্দ্র করে। দলের অধিনায়কও তিনি। দায়িত্বের সঙ্গে অভিজ্ঞতা বেড়েছে। বয়সটাও আদর্শ। বিশ্বকাপেই পা রাখবেন ২৭-এ। ২৫ জুন নাইজেরিয়ার বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচের আগের দিন কাটবেন ২৭তম জন্মদিনের কেক। দায়িত্ববোধ বাড়বে আরেক কারণেও। চার বছর আগের তরুণ মেসি এখন ‘বাবা’।
সব মিলিয়ে মেসি নিজেই প্রচণ্ড আত্মবিশ্বাসী, ‘হ্যাঁ, চার বছর পেরিয়ে গেছে। আমি এখন আরও বেশি আত্মবিশ্বাসী। অভিজ্ঞতা বাড়ায় আপনি প্রত্যাশা করতেই পারেন। দুটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আমার হয়েছে। এখন আমি জাতীয় দলের অধিনায়ক। যদিও আমি আগেই বলেছি, অধিনায়কত্বের আর্মব্যান্ড পরায় মাঠ এবং মাঠের বাইরে সতীর্থদের সঙ্গে আমার আচরণ-মনোভাব বদলায়নি। আর্মব্যান্ড পরাটা বিশেষ কিছু। আর হ্যাঁ, আমরা আর্জেন্টাইনদের আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করব।’
তবে একটা শঙ্কাও আছে। ২০১৩ সালটি কেটেছে চোটের সঙ্গে যুদ্ধে। এ বছরের শুরু থেকেই মাঠে থাকলেও মেসির পুরোনো ঝলকও যেন নেই। বার্সেলোনা যে ভুলে যাওয়ার মতো একটা মৌসুম শেষ করার অপেক্ষায়, তাঁর দায়ও এড়াতে পারেন না। চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল, কোপা ডেল রের ফাইনাল-গুরুত্বপূর্ণ ম্যাচগুলোয় মেসি থেকেছেন নিজের ছায়া হয়ে! অবশ্য এমন গুঞ্জনও আছে, আসলে বিশ্বকাপের জন্যই নিজেকে বাঁচিয়ে খেলছেন! সেটা হলে আর্জেন্টিনার জন্য ভালো। তাঁকে ছাড়াও আর্জেন্টিনা দলে তারকার ছড়াছড়ি। মেসিও তাই বলছেন, ‘দলটাকে উজ্জীবিত দেখাচ্ছে। আমরা এককাট্টা হয়েই যাব। কিন্তু বিশ্বকাপে যেকোনো কিছুই ঘটতে পারে। কারণ এটা আসলেই খুব কঠিন।’
বসনিয়া, নাইজেরিয়া ও ইরানকে নিয়ে আর্জেন্টিনার গ্রুপটাকে (এফ) সহজ বলা হলেও মেসি নিজে তা মনে করেন না, ‘অনেকেই বলছে, এটা সহজ গ্রুপ। আর্জেন্টিনা সহজেই উতরে যাবে। আমরা তা মনে করি না। আমরা মনে করি, বিশ্বকাপে সহজ গ্রুপ বলে কিছু নেই। প্রতিটি ম্যাচই হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।’ ওয়েবসাইট।