জ্বলে উঠলেন ‘এমিলির ভাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দলে ঢুকেছেন বছর তিনেক আগে। কিন্তু ছোট ভাই জাহিদ হাসান এমিলি যতটা প্রচারের আলোয় এসেছেন, সেভাবে তিনি পারেননি। তবে এমিলির চার ভাইয়ের (সবাই ফুটবলার) মেজোজন শাকিল আহমেদ কিন্তু ঘরোয়া ফুটবলে এখন দেশের অন্যতম সেরা মিডফিল্ডার। কাল আরামবাগের বিপক্ষে শেখ জামালের ৪-০ জয়ে শাকিল নিজে করেছেন একটি গোল। দুটিতে রেখেছেন অবদান।বিদেশিদের দাপটে মাঝমাঠে দলের খেলাটা তৈরি করা সহজ নয় স্থানীয়দের পক্ষে। সেই কাজটি কাল দারুণভাবে করলেন শাকিল, খেললেন মাঠজুড়ে। ডিফেন্স-চেরা ফাইনাল পাস বের করে দিলেন।কিন্তু এখনো তো লোকে শাকিল বলতে চেনে ‘এমিলির ভাই’কে। এ নিয়ে কোনো আক্ষেপ হয় না?শাকিল বললেন, ‘জাতীয় দলে আসার আগে এমিলির ভাই বললে ভালোই লাগত। কারণ, এমিলিকে সবাই চেনে। ও আমার আগে জাতীয় দলে এসেছে। কিন্তু আমি জাতীয় দলে আসার পরও এখনো অনেকেই এমিলির ভাই বলে চেনে, এটা কখনো কখনো খারাপই লাগে। ভাইয়ের পরিচয়ে তো এখন খেলছি না। তবে কখনো কখনো ভালোও লাগে এই ভেবে, আমরা দুই ভাই খেলছি জাতীয় দলে। এটাও তো কম নয়।’অনেক দিন হলো, বাংলাদেশের ফুটবল খুব ভালো মিডফিল্ডার পায় না, যিনি প্লে-মেকারের ভূমিকা নেবেন। সর্বশেষ আরমান মিয়ার অবসরের পর এই জায়গাটায় শূন্যতা রয়ে গেছে। এখন অবশ্য শেখ রাসেলের মামুনুল ভালো করছেন, শাকিলও তুলে ধরছেন নিজেকে, যেটা জাতীয় দলের জন্য ভালো ফল আনতে পারে।শাকিল কাল নিজের একমাত্র গোলটা করেন ৬৩ মিনিটে। এই লিগে তাঁর প্রথম গোলটি করে দলকে এগিয়ে দেন ২-০-তে। আলমগীর রানার পাস থেকে চলতি বলে তাঁর লক্ষ্যভেদী শট। ৩৩ মিনিটে শাকিলের কর্নারে ওতোজেরেরির হেডে প্রথম গোল পায় শেখ জামাল। ৬৬ মিনিটে শাকিলের থ্রু ধরে সানডে করেন দলের তৃতীয় গোলটা। অতিরিক্ত সময়ে আবার সানডের গোল। শেষ পর্যন্ত বড় জয়ই ঘরে তোলে ফেডারেশন কাপের রানার্সআপরা।লিগ শিরোপা পুনরুদ্ধারের মিশনে আপাতত শেখ জামাল এগিয়ে। পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রতে পয়েন্ট ১৩। এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট আবাহনীর, শেখ রাসেলের ১২, মোহামেডান ও মুক্তিযোদ্ধার ১০ পয়েন্ট করে।আরামবাগের পয়েন্ট পাঁচ ম্যাচে মাত্র ৩। কাল আক্রমণাত্মক ফুটবল খেলতে গিয়ে শেখ জামালের প্রতি-আক্রমণ ডেকে এনেছে। রক্ষণে বড় বড় ফাঁক তৈরি হয়েছে। এই সুযোগই কাজে লাগিয়েছে শেখ জামাল।জয়ে ফিরল মুক্তিযোদ্ধা: পিছিয়ে পড়েও ফেনী সকারের বিপক্ষে ফেনীর মাঠে জয় ছিনিয়ে নিল মুক্তিযোদ্ধা (২-১)। ৯ মিনিটে ভিক্টর এগিয়ে নেন সকারকে। ৫১ মিনিটে মুক্তিযোদ্ধাকে সমতায় ফেরানোর গোলটা রোকনুজ্জামান কাঞ্চনের। মিনিট দশেক পর ডার্লিংটন গোল করে তিন ম্যাচ পর জয়ে ফেরালেন মুক্তিযোদ্ধাকে। শেখ জামাল ও শেখ রাসেলের কাছে হার, গত মাচে বিজেএমসির সঙ্গে ড্র করার পর এই জয়ে মুক্তিযোদ্ধা ফিরল লিগ লড়াইয়ে।