জ্বালা জুড়াল আবাহনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগাগোড়াই ম্যাচটা বিভ্রম জাগাল। আবাহনী-ফরাশগঞ্জ ম্যাচ তো? ৪-২ স্কোরলাইন বলছে, ম্যাচটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। কিন্তু বাস্তবে উল্টো। এমন সহজ জয় আবাহনী গত কিছুদিনে পায়নি। সদ্য স্বাধীনতা কাপজয়ী দলের বিপক্ষে আবাহনীর ম্যাচটা ভুল পূর্বাভাসই দিয়েছিল!জমজমাট এক ম্যাচই আশা করেছিলেন সবাই। এই ফরাশগঞ্জের কাছে সর্বশেষ দুটি ম্যাচে হেরেছে আবাহনী। বাংলাদেশ লিগের প্রথম পর্বের পর স্বাধীনতা কাপের কোয়ার্টার ফাইনাল। টানা তিন ম্যাচে আবাহনীর বিপক্ষে জয় পাওয়া ফরাশগঞ্জের জন্য কঠিন ছিল বটে, কিন্তু লড়াই তো হওয়ার কথা। সেই লড়াই নেই। আবাহনী একতরফাই খেলল। পাল্টা আক্রমণে সোহেল রানা দুটি গোল করলেও ফরাশগঞ্জ যেন স্বাধীনতা কাপে তাদের সেই লড়াকু ফুটবলটা বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দিয়ে এসেছে। তারই পরিণতি আবাহনীর গোল উৎসব। আবাহনী যেন জ্বালা জুড়াল এদিন। ২০ মিনিটে রনির করা প্রথম গোলের পর হ্যাটট্রিক করেছেন থুরাম ফ্রাঙ্ক। আবাহনীর ঘানাইয়ান স্ট্রাইকারের ৫৫, ৫৮ ও ৭৫ মিনিটে করা তিন গোল এবারের বাংলাদেশ লিগে ষষ্ঠ হ্যাটট্রিক। ফ্রাঙ্কের গোল এখন ১৩টি। সেরা গোলদাতার তালিকায় মুক্তিযোদ্ধার জেমস মগা ও মিঠুন চৌধুরীর পাশে উঠে আসার আনন্দটা যেন শেষই হচ্ছিল না ফ্রাঙ্কের। মগা-মিঠুন, না তিনি এগিয়ে? ম্যাচের পর ফ্রাঙ্কের কৌশলী জবাব, ‘আমি এটা ভাবি না। তবে কেউ আমাকে চ্যালেঞ্জ দিলে সেটি নিতে আমি রাজি।’ ২১ মে কম্বোডিয়ায় আবাহনী এএফসি প্রেসিডেন্টস কাপে খেলতে যাচ্ছে ফ্রাঙ্ককে ছাড়াই। এই টুর্নামেন্টে দুজন বিদেশির কোটা আবাহনীর পূরণ করেছে ডিফেন্ডার সামাদ ও প্লে-মেকার ইব্রাহিমকে নিয়ে। ফ্রাঙ্ককে না নেওয়ার সিদ্ধান্তটা আবাহনীকে অস্বস্তিতে ফেলে দিল না তো!চারটি গোল করলেও আবাহনী নষ্ট করেছে অন্তত গোটা দশেক। সব মিলিয়ে আবাহনীর এদিন জেতার কথা অন্তত ৭-৮ গোলের ব্যবধানে। সেটি হয়নি আবাহনীর খেলোয়াড়েরা একটু বেশিই উত্তেজিত হয়ে পড়ায়। আক্রমণের নেশায় পাল্টা-আক্রমণ সামলাতে সুরক্ষা ছিল না। ডিফেন্ডার মামুন মিয়া যেমন বল নিয়ে ওপরে উঠে গেলেন, এই সুযোগে সোহেল রানার গোল।আবাহনীর বিপক্ষে আগের দুটি মাচেও দুই গোল করেছিলেন সোহেল। তবে এদিন বদলি হিসেবে নেমে ৩-০ স্কোরলাইনকে ৩-১ করলেন। এরপর ৪-২। ৭১ আর ৭৭ মিনিটে সোহেলের দুই গোল। শেষ দিকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুধু গোল আর গোল। লিগটা যে পর্যায়ে আছে, হারলেই বিপদ। একেকটা ম্যাচ পার হওয়া মানে বড় বাধা পেরুনো। আবাহনী সহজেই একটা বাধা পেরিয়ে ১৪ ম্যাচে পেল ৩২ পয়েন্ট। সমান ম্যাচে মুক্তিযোদ্ধার ৩৫। শেখ জামালের ১৩ ম্যাচে ২৮। লড়াইটা বেশ জমে উঠেছে তিন শিরোপাপ্রত্যাশীর।আজকের খেলা: শেখ জামাল ধানমন্ডি-চট্টগ্রাম আবাহনী (বিকেল ৪-১৫ মি., বঙ্গবন্ধু স্টেডিয়াম)