জ্বালা জুড়াল মোহামেডান
যে বিয়ানীবাজারের সঙ্গে ১-১ ড্র করে এবারের বাংলাদেশ লিগের শিরোপা লড়াই থেকে ছিটকে যেতে শুরু করেছিল মোহামেডান, কাল সেই বিয়ানীবাজারকে ফিরতি পর্বে উড়িয়ে দিয়ে মনের জ্বালা জুড়াল সাদা-কালোরা (৪-১)। দুই গোল করে যাতে বড় অবদান স্ট্রাইকার জাহিদ হাসানের (এমিলি)।২২ ম্যাচে মোহামেডানের পয়েন্ট হলো ৫৮। এক ম্যাচ কম খেলে আবাহনীর পয়েন্ট ৬১। মোহামেডানের ম্যাচ বাকি দুটি, আবাহনীর তিনটি। কাগজের হিসাবে মোহামেডানের শিরোপা জেতার সম্ভাবনা এখনো আছে। তবে এটা নির্ভর করছে আবাহনীর শেষ তিনটি ম্যাচের ওপর। এই তিন ম্যাচ থেকে আবাহনী চার পয়েন্ট পেলেই হ্যাটট্রিক শিরোপা ঘরে তুলবে। মোহামেডান চ্যাম্পিয়ন হওয়ার আশা ছেড়ে দিয়েছে। কালকের জয়ে তারা রানার্সআপ হওয়াটা নিশ্চিত করল। ২১ ম্যাচে ৪৭ পয়েন্ট পাওয়া শেখ রাসেল তাদের শেষ তিনটি ম্যাচ জিতলে এবং মোহামেডান তাদের দুই ম্যাচ হারলেও রাসেলের সর্বোচ্চ পয়েন্ট হতে পারে ৫৬। মোহামেডান এবার যদি শেষ পর্যন্ত রানার্সআপই হয়, তাহলে এটা হবে পেশাদার লিগে তাদের হ্যাটট্রিক রানার্সআপ! সাদা-কালোদের কাছে হ্যাটট্রিক রানার্সআপ হওয়ার কোনো আনন্দ নেই। কেউ প্রসঙ্গটা তুললেই তারা বিব্রত হচ্ছে। কেননা, মোহামেডান সব সময়ই চায় চ্যাম্পিয়ন হতে।বঙ্গবন্ধু স্টেডিয়ামে এদিন মোহামেডানকে প্রথম দুটি গোল এনে দিয়েছেন জাহিদ হাসান। ২ মিনিটে আবদুল বাতেনের (কমল) থ্রু থেকে আলতো টোকায় এবং বুকোলার ঠেলে দেওয়া বল একইভাবে টোকা দিয়ে জালে পাঠান জাহিদ। এবারের পেশাদার লিগে তাঁর গোল-সংখ্যা ১৮। আবাহনীর এনামুলের সঙ্গে তিনি এখন গোলদাতা তালিকায় যৌথভাবে শীর্ষে। আবাহনীর ঘানাইয়ান স্ট্রাইকার শেরিফের ১৬ গোল, শেখ রাসেলের মরক্কান স্ট্রাইকার সামির ওমারির গোল ১৫টি।৩৫ মিনিটে মোহামেডানের তৃতীয় গোল করেছেন আবদুল বাতেন (কমল)। শেষ গোলটি এমেকার, ক্লাবের সঙ্গে বেতনসংক্রান্ত ঝামেলা আর ইনজুরি থেকে সেরে উঠে ৫ ম্যাচ পর কাল মাঠে বদলি হিসেবে নামেন তিনি। ৮৯ মিনিটে বাতেনের ক্রসে হেডে গোল করেন নাইজেরিয়ান মিডফিল্ডার। ৩-০ হওয়ার পর বিয়ানীবাজারের লায়েক ৩-১ করেন। এই পরাজয়ে অবনমনের দিকে আরও এগিয়ে গেল সবার নিচে থাকা বিয়ানীবাজার। ২১ ম্যাচে তাদের পয়েন্ট ১৪।