জ্যামাইকা ও বোল্টের বিশ্বরেকর্ড
লন্ডন অলিম্পিকে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট দুটিতেই সোনা জিতেছেন উসাইন বোল্ট। কিন্তু কোনোটিতেই বিশ্বরেকর্ড নেই। তাই বলে ‘জীবন্ত কিংবদন্তি’ বিশ্বরেকর্ড ছাড়া দেশে ফিরবেন, তা কী করে হয়? প্রত্যাশার সেই বিশ্বরেকর্ডটি বোল্ট করে ফেললেন ৪x১০০ মিটার রিলেতে। তবে এই রেকর্ড অবশ্য বোল্টের একার নয়। তাঁর সাফল্য-সঙ্গী আরও তিন জ্যামাইকান স্প্রিন্টার—ইয়োহান ব্লেক, মাইকেল ফ্রেটার ও নেস্টা কার্টার। ৩৬.৮৪ সেকেন্ড সময় নিয়ে জ্যামাইকান দল গড়েছে নতুন বিশ্বরেকর্ড। পেছনে ফেলেছেন তাঁরা জ্যামাইকারই ৩৭.০৪ সেকেন্ডে গড়া টাইমিংকে। গত বছর দেগুতে অনুষ্ঠিত বিশ্বচ্যাম্পিয়নশিপে এসেছিল সেই রেকর্ডটি।দলগত বিশ্বরেকর্ড তো বটেই, গতকাল ব্যক্তিগত বিশ্বরেকর্ডও গড়েছেন উসাইন বোল্ট। ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে ১০০, ২০০ এবং ৪x১০০ মিটার দলগত রিলে—তিনটি ইভেন্টেই সোনা জয়ের রেকর্ড গড়েছিলেন। লন্ডন অলিম্পিকে এসেও তিনটি ইভেন্টেই সোনা জয় করলেন বোল্ট। অলিম্পিকের ইতিহাসে জ্যামাইকান এই স্প্রিন্টার ছাড়া অন্য কোনো অ্যাথলেটের দুটি অলিম্পিকে ১০০ ও ২০০ মিটার এবং ৪x১০০ মিটার রিলেতে সোনা জয়ের কৃতিত্ব নেই।২০০৮ সাল থেকে শুরু করে এবারের লন্ডন অলিম্পিক মিলে মোট চারটি বিশ্বপর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বোল্ট। এর মধ্যে ব্যক্তিগত ইভেন্ট ছিল আটটি। জ্যামাইকান এই স্প্রিন্টারের সফলতা ঈর্ষণীয়। ব্যক্তিগত আট ইভেন্টের মধ্যে সাতটিতেই সোনা জিতেছেন। পারেননি কেবল গত বছর অনুষ্ঠিত দেগু বিশ্বচ্যাম্পিয়নশিপে। পারবেন কীভাবে, দেগুতে যে তিনি ‘ফলস স্টার্ট’-এর কারণে ‘ডিসকোয়ালিফায়েড’ হয়েছিলেন!১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট দুটিতেই বিশ্বরেকর্ডধারী উসাইন বোল্ট। ২০০৯ সালে বার্লিন বিশ্বচ্যাম্পিয়নশিপে ৯.৫৮ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটারের বিশ্বরেকর্ড। ১৯.১৯ সেকেন্ড সময় নিয়ে ২০০ মিটারে বিশ্বরেকর্ড গড়েন গত বছর দেগু বিশ্বচ্যাম্পিয়নশিপে।৪x১০০ মিটার দলগত রিলে গতকাল বিশ্বরেকর্ড গড়ে সোনা জয়ের পর উসাইন বোল্টের উচ্ছ্বসিত প্রশংসা করেন বিশ্ব অ্যাথলেটিকস নিয়ন্ত্রক সংস্থা আইএএফের প্রধান ল্যামিন দিয়াক। বোল্টকে ‘জীবন্ত কিংবদন্তি’ আখ্যায়িত করে দিয়াক বলেন, তরুণ এই স্প্রিন্টার অ্যাথলেটিকসকে অনেক কিছু এনে দিয়েছে। ও অসম্ভব প্রতিভাধর। বোল্টের মতো একজনকে পেয়ে আমরা আনন্দিত। ওকে সব ধরনের সহায়তা করে যাব আমরা।’ রয়টার্স।