জ্যামাইকানের হাতে খরা-মুক্তি
মেয়েদের ৪০০ মিটারে ২৮ বছরের সোনার বন্ধ্যাত্ব ঘুচল যুক্তরাষ্ট্রের। দীর্ঘ সেই বন্ধ্যাত্বও যুক্তরাষ্ট্রের ঘুচল একজন জ্যামাইকানের হাত ধরে! ১০০ মিটারে উসাইন বোল্টের রাজত্ব ধরে রাখার দিনে মেয়েদের ৪০০ মিটারে সোনা জিতেছেন সানিয়া রিচার্ড-রস, সময় করেছেন ৪৯.৫৫ সেকেন্ড। এই ইভেন্টে যুক্তরাষ্ট্র সর্বশেষ সোনা জিতেছিল ১৯৮৪ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে। অলিম্পিকে প্রথম ব্যক্তিগত সোনা জয়ের পথে সানিয়া নিয়েছেন প্রতিশোধও। চার বছর আগে তাঁর স্বপ্ন ভেঙে দিয়ে এই ইভেন্টে সোনা জিতেছিলেন ব্রিটেনের ক্রিস্টিন অহুরুগু। এবার ঘরের মাঠের অলিম্পিক বলে অহুরুগুকে ঘিরে ব্রিটেনবাসীর প্রত্যাশা ছিল আরও বেশি। কিন্তু ৪৯.৭০ সেকেন্ড সময় করে অহুরুগু পেয়েছেন রুপা। ৪৯.৭২ সেকেন্ড সময় করে ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রেরই ডিডি ট্রটার।সানিয়ার জন্ম, বেড়ে ওঠা জ্যামাইকার কিংস্টনে। কিন্তু মাত্র ১২ বছর বয়সে পাড়ি জমান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। হাইস্কুলে পড়ার সময়ই ট্র্যাক অ্যান্ড ফিল্ড এবং বাস্কেটবলের নেশায় পড়েন সানিয়া রিচার্ড। আসল নাম ওটাই। নামটা লম্বা হয়েছে এনএফএল তারকা অ্যারন রসকে বিয়ের পর। জ্যামাইকান শিকড় বলে অ্যাথলেটিকসের নেশাটা সানিয়া রিচার্ড-রসের রক্তে। প্রতিভার প্রমাণ সেই ২০০৩ থেকে দিয়ে এলেও অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে সোনাটা ছিল অধরা। ২০০৪ ও ২০০৮—দুবারই সোনা জিতেছেন ৪–৪০০ মিটার রিলেতে। অবশেষে অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন ২৭ বছর বয়সে। আর এই সোনা তাঁর সামনে খুলে দিয়েছে ত্রিমুকুটের দরজাও। লন্ডনে ৪০০ মিটার রিলের সঙ্গে এবার দৌড়াবেন ২০০ মিটারেও। এএফপি।