জয়, আফ্রিকার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেপ্টেম্বর, ২০০৬: দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ আয়োজন হাজারো সমস্যায় আটকে পড়েছে। এটা শুধু দক্ষিণ আফ্রিকার সমস্যা নয়, আফ্রিকানদেরই সমস্যা।জুলাই, ২০১০: আমার ধারণা, পুরো বিশ্ব এখন আলোচনা করছে, বিশ্বকাপটা কী চমৎকারই না হলো! বহু বছর পরও দেখবেন লোকজন দক্ষিণ আফ্রিকার এই বিশ্বকাপের প্রশংসা করছে।দুটো মন্তব্যই ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের। শুধু জার্মান কিংবদন্তি নন, আফ্রিকার বিশ্বকাপ আয়োজনের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন যাঁরা, সবাই এখন প্রশংসায় পঞ্চমুখ। নিজের বলা কথা হজম করে দুনিয়ার কোটি কোটি মানুষের সঙ্গে মিলে হাতে তালি দিতে হলো সেই আফ্রিকার জন্য।শুধু বেকেনবাওয়ারের কথা বলে লাভ কী? দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের প্রদীপ যখন নিভছে, তখন ইউরোপ-আমেরিকার ভ্রু কোঁচকানো বহু মানুষের ভ্রু কপালে উঠে গেছে বিস্ময়ে—অপরাধ, দুর্নীতি, অবরোধ, ধর্মঘটজর্জরিত দক্ষিণ আফ্রিকা এমন দুর্দান্ত একটা আয়োজন করে ফেলল কোনো দুর্ঘটনা ছাড়াই!আসলে ইউরোপ-আমেরিকানদের দোষ দিয়ে লাভ নেই। দক্ষিণ আফ্রিকাই বিস্মিত করেছে। দক্ষিণ আফ্রিকা কখনোই ‘সুইজারল্যান্ড’ ছিল না। আফ্রিকার আর দশটা দেশের মতো শত শত সমস্যা মাত্র বছর দশেক আগে গৃহবিবাদ কাটিয়ে ওঠা দেশটিতে।সাদা-কালো বিবাদ কাটিয়ে উঠেছে ঠিকই, কিন্তু ধনী-দরিদ্রের ব্যবধান এখনো প্রকট। এখনো ভেতরে ভেতরে নাকি মাথা চাড়া দিয়ে ওঠে বর্ণবাদের ভূত। তবে এসব কিছু নয়, বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকা নিয়ে সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল নিরাপত্তার বিষয়ে।পরিসংখ্যান বলছে, দক্ষিণ আফ্রিকায় এই বিশ্বকাপের আগেও দিনে গড়ে ৫০টি খুন হতো! সন্ধ্যার পর রাস্তায় নামলেই ছিনতাই, রাহাজানি; হোটেলে পর্যন্ত নিরাপত্তার অভাব ছিল। ফলে পশ্চিমা সংবাদমাধ্যমে ব্যাপক আতঙ্ক ছিল, বিশ্বসেরা খেলোয়াড়েরা এখানে নিরাপদে থাকবেন তো। বিশ্বাস করুন, মেসি-কাকা-রোনালদোরা বিশ্বকাপ ব্যর্থতার আঘাত ছাড়া অক্ষত অবস্থায়ই দেশে ফিরেছেন। হ্যাঁ, চুরি-ছিনতাইয়ের কয়েকটি ঘটনা ঘটেছে। সব মিলিয়ে অপরাধ ও সন্দেহভাজন অপরাধের ২২৩টি ঘটনা ঘটেছে ফাইনালের আগ পর্যন্ত। সুইসরাও নিশ্চয়ই এই পরিসংখ্যানকে খারাপ বলবে না!দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ নিয়ে নিরাপত্তার পর বেশি দুশ্চিন্তার বিষয় ছিল স্থাপনা। একেবারে নতুন পাঁচটিসহ মোট দশটি ভেন্যুর নির্মাণ ও স্থাপনা সময়মতো শেষ হবে না বলে রায়ও দিয়ে দিয়েছিলেন অনেকে। যুক্তিও ছিল, শ্রমিকদের ধর্মঘট ও অন্যান্য কারণে কাজ পিছিয়ে পড়ছিল। শেষ পর্যন্ত সবাইকে অবাক করে নির্দিষ্ট সময়েই শেষ হয়েছিল নির্মাণ। কতটা ভালো হয়েছিল? এই সেদিন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার বললেন, কারিগরি ও স্থাপত্যের দিক থেকে এত সুন্দর স্টেডিয়াম ইউরোপেও খুব বেশি নেই। এ ছাড়া হোটেল-রেস্তোরাঁর মান, সমর্থকদের জন্য বিনোদনের ব্যবস্থা নিয়ে সংশয় ছিল। সমর্থকদের দারুণ উৎসব, উল্লাস প্রমাণ করে দিয়েছে এসব জায়গাতেও সমস্যা নেই।বিশ্বমন্দার রেশ থাকা অবস্থায় ‘সুদূর’ আফ্রিকা গিয়ে দর্শক খেলা দেখবে না—এমন কথাবার্তাও একসময় বলেছে সংবাদমাধ্যম। ভুল! ফাইনালের আগ পর্যন্ত ৩০ লাখেরও বেশি মানুষ স্টেডিয়ামে এসে খেলা দেখেছে। ১৯৯৪ বিশ্বকাপের পর এখনো পর্যন্ত এটাই সর্বোচ্চ। কোনো দুর্বিপাক না হয়ে থাকলে গতকাল রাতে বিশ্বজুড়ে ৫০ কোটিরও বেশি দর্শক হল্যান্ড-স্পেন ফাইনাল উপভোগ করেছেন!বিশ্বাস করুন, এই ফাইনালটি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি দর্শকের সরাসরি দেখা অনুষ্ঠানে পরিণত হয়েছে। হ্যাঁ, অলিম্পিকের চেয়েও বেশি। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের বিস্ময়কর এই সাফল্যে বিস্মিত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট জ্যাক রগে বলছেন, ‘এই আয়োজন দীর্ঘকাল ধরে স্মরণে থাকবে। পুরো আফ্রিকার জন্য এটা গৌরবের ব্যাপার।’এই কথা বলার সময় রগের মাথায় হয়তো দর্শকসংখ্যা, আয়োজনের ব্যাপকতা—এসব তথ্য ঘুরছিল। এসব তথ্য দিয়ে হয়তো তিনি মিলিয়ে নিতে চাইছিলেন, ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার অলিম্পিকের আয়োজক হওয়ার যোগ্যতা আছে কি না?এসব তথ্য, পরিসংখ্যান নিয়ে কর্তারা মাথা ঘামাক। আমরা আফ্রিকার অর্জনের দিকে ফিরে তাকাই। আমরা শুনি আয়োজক কমিটির প্রধান ড্যানি জর্ডান বলছেন, ‘জাতি হিসেবে আফ্রিকানরা যে গর্ব অর্জন করল, সেটা তো আমরা মাপতে পারব না।’আসলেই তাই, এই গর্ব মাপা যায় না! এএফপি।