জয়, জ্যাক, জাপান
রাত ২-৩০ মিনিট। টোকিওর প্রাণকেন্দ্র শিবুয়ার রাস্তায় শত শত মানুষ। সমবেত কণ্ঠে গাইছে ‘নিপ্পন’ ‘নিপ্পন’। কেউ কেউ আবার রাতের আকাশেই উড়িয়েছে সাদার ওপরে লাল সূর্য। শুধু শিবুয়ার রাস্তাই নয়, পরশু রাতে জাপানের প্রায় প্রতিটি প্রান্তই সেজেছিল নির্ঘুম আয়োজনে। রেকর্ড চতুর্থবারের মতো এশিয়ান কাপ জয়, জাপানিদের আনন্দ বাঁধভাঙা হওয়াটাই ছিল স্বাভাবিক।উল্লাসের পাশাপাশি আছে প্রশংসার ঢল। জাপানি গণমাধ্যম দলের সাফল্যে সবচেয়ে উচ্চকণ্ঠ। দেশটির অন্যতম প্রভাবশালী দৈনিক আসাহি শিম্বুন। চার পাতার বিশেষ আয়োজনে পত্রিকাটির ব্যানার শিরোনাম, ‘জাপান, এশিয়ার চ্যাম্পিয়ন।’অতিরিক্ত সময়ের ১৯ মিনিটে (ম্যাচের ১০৯ মিনিটে) বাঁ প্রান্ত থেকে ইওতো নাগাতোমোর ক্রস বাঁ পায়ের তীব্র ভলিতে জালে জড়িয়ে নীল সামুরাইদের আনন্দে ভাসান বদলি খেলোয়াড় তাদানারি লি। এশিয়ার সবচেয়ে সফল দলের ইতিহাস লিখতে জাপানের নায়ক তাই লি, তবে জাপানিদের কাছে এই সাফল্যের বড় নায়ক কোচ আলবার্তো জাকেরনি।অনেক যাচাই-বাছাইয়ের পর দুই বছরের চুক্তিতে এই ইতালিয়ানকে কোচ হিসেবে নিয়োগ দেয় জাপান ফুটবল ফেডারেশন। দায়িত্ব পাওয়ার পর এশিয়ান কাপই ছিল জাকেরনির প্রথম চ্যালেঞ্জ। প্রথম টুর্নামেন্টেই দলকে শিরোপা জিতিয়ে ৫৭ বছর বয়সী ইতালিয়ান জয় করে নিয়েছেন জাপানিদের মন।মিডিয়া বেশি খুশি জাকেরনির খেলোয়াড় ব্যবহারের বিচক্ষণতায়। ২৩ সদস্যের দলের ২১ জনকেই খেলিয়েছেন তিনি। প্রতিটি সিদ্ধান্তই ছিল সুফলদায়ী। কাতারের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে প্রথম একাদশে নেন ডিফেন্ডার মাসাহিকো ইনোহাকে। ইনজুরি সময়ে এই ইনোহাই করেন জাপানের জয়সূচক গোল (৩-২)। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে সেমিফাইনালে ৮৭ মিনিটে জাকেরনি মাঠে নামান মিডফিল্ডার হাজেমি হোসোগাইকে। ৯৭ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন তিনিই।জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান জুনজি ওগুরা বলেছেন, ‘সত্যিই আমরা মহান এক কোচকে বেছে নিয়েছি।’জাপানিদের নায়ক ‘জ্যাক’-এর কণ্ঠে আবার শিষ্যদের জয়গান, ‘এ দলটির সবচেয়ে বড় গুণ হলো বদলি খেলোয়াড়েরাও ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে।’প্রথম দল হিসেবে চারবার এশিয়া কাপ জিতল জাপান। সবগুলো এসেছে সর্বশেষ ৬ আসরে। এই তথ্যই বলে দেয় এশিয়ান ফুটবলে জাপানের অবস্থান এখন কোথায়।জাপানের সঙ্গে দেশবাসীর প্রশংসা পাচ্ছে ‘সকারু’রাও। শিরোপা জিততে না পারলেও দলের খেলা এবং কোচের কাজে খুশি অস্ট্রেলিয়ান মিডিয়া। তবে দুর্দান্ত খেলে তীরে এসে তরী ডোবায় ব্যথিত কোচ হোলগার ওসিয়েক। অনেক সুযোগ সৃষ্টি করেও গোল না পাওয়ার কষ্টটা বড় পোড়াচ্ছে তাঁকে। এএফপি।