জয় অধরাই রইল পাকিস্তানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩০ রানের ইনিংসে খেলার পথে শিখর ধাওয়ান। ছবি: এএফপি
৩০ রানের ইনিংসে খেলার পথে শিখর ধাওয়ান। ছবি: এএফপি

কদিন আগে এশিয়া কাপে এ মিরপুরেই ভারতের বিপক্ষে দুর্দান্ত এক জয় পেয়েছিল পাকিস্তান। কদিনের ব্যবধানে একই মাঠ, একই প্রতিপক্ষ। কিন্তু আজ আর সেই পাকিস্তানকে খুঁজে পাওয়া গেল না। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারল ৭ উইকেটে।ওই ম্যাচ আর আজকের ম্যাচের মধ্যে একটিই পার্থক্য, এটি বিশ্বকাপ। আর বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের পরাজয়ের ‘রীতি’ নতুন কিছু নয়। আজ ইতিহাসের পুনরাবৃত্তি হলো মাত্র। ক্রিকেটের দুই সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে ভারত বরাবরই ‘অজেয়’। কেন? ক্রিকেটের এ এক অমীমাংসিত রহস্য।  বিশ্বকাপের মতো টি-টোয়েন্টি ফরম্যাটেও ভারতকে খুব বেশি হারাতে পারেনি পাকিস্তান। মোট ছয় ম্যাচে ভারতের জয় চারটি, পাকিস্তানের একটি। একটি ম্যাচ শেষ হয়েছে ‘টাই’য়ে।
শক্তিশালি ব্যাটিং লাইনআপ ভারতের। পাকিস্তানের বিপক্ষে ১৩১ রানের লক্ষ্যমাত্রায় খুব একটা সমস্যায় পড়ার কথা না তাদের। সমস্যা হয়ওনি শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলিদের। প্রথমে ব্যাট করে গড়া পাকিস্তানের ১৩০ রানের সংগ্রহটা ভারত টপকে গেছে ৯  বল অব্যবহূত রেখেই।টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়ে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি যে খুব একটা ভুল করেননি, সেটা প্রমাণ করতে খুব একটা সময় নেননি পাকিস্তানি ব্যাটসম্যানরা। কামরান আকমল আর আহমেদ শেহজাদের উদ্বোধনী জুটির স্থায়িত্ব ছিল মাত্র ৯ রানের। হাস্যকর এক রান আউটে শেষ হয় কামরান আকমলের ইনিংস। মোহাম্মদ হাফিজ খেলতে পারেননি অধিনায়কোচিত ইনিংস। আহমেদ শেহজাদও প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির ফারাক রেখে ফিরে যান খুব দ্রুতই।নিয়মিত বিরতিতে উইকেট হারানো পাকিস্তানের ব্যাটিংয়ে জুটি মাত্র তিনটি। এর একটি মাত্র ছুঁতে পেরেছে ৫০। বাকিগুলোর শুরু থাকলেও শেষ হয়েছে অসময়ে। এ কারণেই পাকিস্তানের সংগ্রহটা চ্যালেঞ্জিং হতে পারেনি কোনোভাবেই।৪৭ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর শোয়েব মালিক আর উমর আকমল ৫০ রানের জুটি গড়েছিলেন। রান তোলার গতিও ছিল ভালো—৭.১৪। কিন্তু শোয়েব মালিকের বিদায়ের পর ৩০ বলে ৩৩ রানের ইনিংস খেলা উমর আকমল দ্রুত ফিরে যান দলকে বিপদে ফেলেই। শহীদ আফ্রিদির ওপর প্রত্যাশা ছিল। কিন্তু ব্যর্থ তিনিও। শেষের দিকে সোহেব মাকসুদ ১২ বলে ২১ রানের দ্রুতগতির এক ইনিংস খেলে রানটা নিয়ে যান সম্মানজনক স্থানে।
ভারতীয় বোলারদের মধ্যে সেরা ছিলেন অমিত মিশ্র। ২২ রানে ২ উইকেট তাঁর। এছাড়া ভুবনেশ্বর কুমার মোহাম্মদ সামি আর রবীন্দ্র জাদেজা একটি করে উইকেট নিয়েছেন যথাক্রমে ২১, ৩১ আর ১৮ রানের বিনিময়ে। সুরেশ রায়না তাঁর দলের বোলারদের সঙ্গে ছন্দ মিলিয়েছেন ইনিংসে দারুণ তিনটি ক্যাচ লুফে।
১৩০ রান খুব বড় স্কোর নয়—অন্তত এ সময়ের টি-টোয়েন্টির বিচারে। উদ্বোধনী জুটিতে ৫৪ রান তুলে রোহিত শর্মা আর শিখর ধাওয়ান খেলাটিকে মোটামুটি নিয়ন্ত্রণে নিয়ে নেন। রোহিত ২১ বলে ২৪ আর ধাওয়ান ২৮ বলে ৩০ রান করেন। তবে ৬৪ ও ৬৫ রানের মাথায় পরপর রোহিত শর্মা ও যুবরাজ সিংকে ফিরিয়ে খেলায় কিছুটা উত্তেজনা ছড়িয়েছিলেন সাঈদ আজমল ও বিলওয়াল ভাট্টি। তবে বিরাট কোহলি আর সুরেশ রায়নার পক্ষে শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে বাকি কাজটা সেরে ফেলতে খুব একটা অসুবিধা হয়নি। পাকিস্তানের পক্ষে অপর উইকেটটি উমর গুলের। কোহলি ৩২ বলে ৩৬ আর রায়না ২৮ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন। তবে ম্যাচসেরা কোনো ব্যাটসম্যান নয়, ২ উইকেট নেয়া অমিত মিশ্র।