জয় এনে দিলেন কোহলি-ধোনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসেই এ ঘটনা মাত্র দুবার ঘটেছে। সর্বশেষ ঘটেছিল ১৯৮৮ সালে, জন ব্রেসওয়েলের ম্যাচসেরা বোলিংয়ে তখনকার বোম্বেতে ভারতের বিপক্ষে ভারতে টেস্ট জিতেছিল নিউজিল্যান্ড। ডগ ব্রেসওয়েলের তখনো জন্ম হয়নি। জনের ভাতিজা ডগ কাল মাঠে থাকলেন। তিনি নিজে অবশ্য ‘আঙ্কেলে’র মতো কিছু করতে পারেননি। তবে জয়ের ভালো সম্ভাবনাই জাগিয়ে তুলেছিল নিউজিল্যান্ড। ব্রেসওয়েল-ব্রেসওয়েলে মিলল না, তবে ভারতের দিক দিয়ে হিসাব মিলল অন্যভাবে!১৯৮৮ সালের যে নভেম্বরে ম্যাচটি হেরেছিল ভারত, সেই নভেম্বরেই জন্ম নেওয়া বিরাট কোহলি প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও দাঁড়িয়ে গেলেন বুক চিতিয়ে। ১৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ভারত যখন ৫ উইকেটে ১৬৬, জয় আরও ৯৫ রান দূরে—সেই সময় ঝড়ে পড়া জাহাজটাকে নিরাপদে বন্দরে নিয়ে এলেন মহেন্দ্র সিং ধোনির সঙ্গে জুটি বেঁধে। এই দুজনের ৯৬ রানের অবিচ্ছিন্ন জুটি ওই ৫ উইকেটেই জেতাল ভারতকে। জয়ের সুবাস পেতে থাকা নিউজিল্যান্ড শেষ পর্যন্ত ২ টেস্টের সিরিজে হলো ধবলধোলাই। ভারতের জয়ের লক্ষ্য ছিল ২৬১। তৃতীয় দিন শেষে গলার কাঁটা হয়ে বিঁধে থাকা ১০ নম্বর উইকেটটা কাল দিনের পঞ্চম ওভারে তুলে নেওয়ার আগে নিউজিল্যান্ড যোগ করে আরও ১৬ রান। ইতিহাসও তখন দাঁড়িয়ে গেছে ভারতের প্রতিপক্ষ হয়ে। বেঙ্গালুরুতে এত রান তাড়া করে কেউ জেতেনি। সর্বোচ্চ রান তাড়া করে আগের রেকর্ডটি ছিল ২০৭, জেতা না-জেতা সব ম্যাচ মিলিয়েই চতুর্থ ইনিংসে সর্বোচ্চ স্কোর ২৩৯।৭৭ রানের দারুণ উদ্বোধনী জুটির পরেও এসব পরিসংখ্যান আবারও ভাষ্যকারদের কণ্ঠে ফিরে এল চা-বিরতির পরের ১০ ওভারের মধ্যেই। ৬ রানের মধ্যে দুই ওপেনার ফিরে যাওয়ার পর তৃতীয় উইকেটে টেন্ডুলকার-পূজারা মিলে অবশ্য ৬৯ রানের জুটি গড়েছিলেন। কিন্তু টিম সাউদি টেন্ডুলকারের স্টাম্প উপড়ে দেওয়ার পরই সেই ১৪ রানে ৩ উইকেট পতনের ভূমিকম্প। জিতান প্যাটেলের জোড়া আঘাতে পূজারা আর রায়না ফিরে যাওয়ার পর ২৪ বছর পর ভারতের মাটিতে জয়ের সম্ভাবনাই দেখছিল নিউজিল্যান্ড। কিন্তু এমন পরিস্থিতিতে যাঁর ব্যাট বরাবরই চওড়া হয়ে ওঠে, সেই ধোনি আর ইদানীং রানের বন্যা ছুটিয়ে ভারতের বিরাট ভরসায় পরিণত হওয়া কোহলি মিলে হতাশ করেছেন রস টেলরকে। বিশ্বকাপ ফাইনালের কথা মনে করিয়ে দিয়ে ম্যাচ শেষ হয়েছে ধোনির ছক্কায়। এই জয়ে দেশের মাটিতে ভারতের সফলতম অধিনায়কও এখন ধোনি (১৪ জয়)। ১৩ জয় নিয়ে এত দিন রেকর্ডটি ছিল আজহারউদ্দিনের।কোহলি ম্যাচসেরা। আর সিরিজে ১৮ উইকেট নিয়ে সিরিজ-সেরা অশ্বিন। ওয়েবসাইট।