জয় ও বোনাসে শুরু হিডিঙ্কের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় এক লক্ষ্য নিয়েই গাস হিডিঙ্ককে কোচ করেছে আনঝি মাখাচকালা। বিখ্যাত হিডিঙ্কের কাঁধে চেপে অখ্যাত আনঝি হতে চায় বিখ্যাত। ডাচ কোচের শুরুটাও হলো আশাজাগানিয়া। পরশু তাঁর অভিষেক হলো জয় দিয়ে। আর আনঝির ১-০ গোলে জয়টাও পয়েন্ট তালিকার ৩ নম্বরের দল ডায়নামো মস্কোর বিপক্ষে।ম্যাচের একমাত্র গোলটি করেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার জুসিলেই ডা সিলভা। এই জয়ের পরও অবশ্য পয়েন্ট তালিকায় আনঝির অবস্থানের উন্নতি হয়নি। ৩৩ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে আগের ৭ নম্বরেই তারা, শীর্ষে থাকা জেনিত সেন্ট পিটার্সবার্গের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে।২০০৬ থেকে ২০১০—হিডিঙ্ক প্রায় চার বছর কোচ ছিলেন রাশিয়া জাতীয় দলের। ভাগ্য সেই রাশিয়াতেই ফিরিয়ে এনেছে আবার। ম্যাচ শেষে ৬৫ বছর বয়সী ডাচ কোচ ছিলেন উচ্ছ্বসিত, ‘রাশিয়ায় আবার ফিরে এসে জয় দিয়ে শুরু করতে পেরে আমি খুশি। আমি মনে করি, জয়টা আমাদের প্রাপ্যই। প্রথমার্ধে আমরা একাধিকবার গোলের ভালো সুযোগ তৈরি করেছি।’বড় অঙ্কের টাকা পেয়েই আনঝিতে যোগ দিয়েছেন রবার্তো কার্লোস, স্যামুয়েল ইতোরা। হিডিঙ্কও তা-ই। রুশ ক্লাবটিতে নাম লিখিয়েই হিডিঙ্ক হয়ে গেছেন বর্তমান বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া কোচদের একজন। তবে সাফল্য এনে দিতে পারলে বাৎসরিক পারিশ্রমিকের বাইরেও যে অনেক টাকায় পকেট ফুলে-ফেঁপে উঠবে, তার আভাস মিলল শুরুতেই। জয় দিয়ে শুরু করাতেই ৫০ হাজার ইউরো বোনাস পেয়েছেন হিডিঙ্ক। এ তো কেবল শুরু। দলকে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে দিতে পারলে ডাচ কোচ বোনাস পাবেন ২০ লাখ ইউরো। আর লিগ শিরোপা জেতাতে পারলে বোনাসের অঙ্কটা বেড়ে দাঁড়াবে ৫০ লাখে! ওয়েবসাইট।