জয়-খরা কাটল কিউইদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যালান ডোনাল্ড এসেই কি তবে জাদুর ছোঁয়ায় বদলে দিলেন দল? কিউইদের বোলিং কোচ হিসেবে এসেছেন মাত্রই দেড় দিন, এতটা ভাবা একটু বাড়াবাড়িই হয়ে যাবে। তবে ‘শ্বেতবজ্র’কে ড্রেসিংরুমে পেয়ে নিশ্চয়ই অনুপ্রাণিত হয়েছিলেন কিউই পেসাররা। কন্ডিশন কাজে লাগিয়ে সুইং বোলিংয়ের দারুণ প্রদর্শনী রাখলেন সাউদি-বেনেট-ওরামরা। সঙ্গে যোগ হয়েছিল পাকিস্তানি ব্যাটসম্যানদের টেকনিকের দৈন্য। দুয়ে মিলে ১১ ম্যাচ পর ওয়ানডেতে জয়ের মুখ দেখল নিউজিল্যান্ড, সেটিও ‘ফেবারিট’ পাকিস্তানকে রীতিমতো উড়িয়ে দিয়ে।টস হারের জন্য নিজেকে ভাগ্যবান ভাবতে পারেন ড্যানিয়েল ভেট্টোরি। ওয়েলিংটনের ওয়েস্ট প্যাক স্টেডিয়ামের ড্রপইন উইকেটটা ব্যাটিং সহায়ক হবে ভেবে শহীদ আফ্রিদির মতো প্রথমে ব্যাটিং করতে চেয়েছিলেন তিনিও। ভেট্টোরির গোমড়া মুখে দ্রুতই হাসি ফেরে পেসারদের বোলিংয়ে। সিরিজের টি-টোয়েন্টিতে ৫ উইকেট নেওয়ার পর সাউদি দুর্দান্ত বোলিং করেছিলেন টেস্টেও। কাল ৬ ওভারের প্রথম স্পেলে ৩ উইকেট নিয়ে গুঁড়িয়ে দিলেন পাকিস্তানের টপ-অর্ডার। উইকেট নেওয়ার উৎসবে পরে যোগ দেন চোট কাটিয়ে ফেরা হামিশ বেনেট ও জ্যাকব ওরামও। দুজনই সুযোগ পেয়েছিলেন হ্যাটট্রিকের, যদিও হয়নি কারোরই। সাউদি পরের স্পেলে এসে আউট করেছেন অধিনায়ক আফ্রিদি ও সহ-অধিনায়ক মিসবাহকে। এই মাঠে ঠিক আগের ম্যাচটিতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ারের সেরা বোলিং করেছিলেন, সাউদি পরের ম্যাচেই কাল ছাড়িয়ে গেলেন নিজেকে।পাকিস্তানের হয়ে লড়াই যা করার, একাই করেছেন মিসবাহ। টেস্টের ফর্মটা ওয়ানডেতেও বয়ে এনে করেছেন ফিফটি। লাঞ্চের আগেই ৬ ওভারে ৫০ তুলে ফেলে নিউজিল্যান্ড। পরে ৩৪ বলে ৫৫ করে জেসি রাইডার সোহেল তানভিরের বলে আউট হলেও গাপটিল-টেলর দলকে পৌঁছে যান লক্ষ্যে। তথ্যসূত্র: নিও ক্রিকেট।সংক্ষিপ্ত স্কোরপাকিস্তান: ৩৭.৩ ওভারে ১২৪ (কামরান ৮, হাফিজ ০, ইউনুস ২৪, শফিক ৪, মিসবাহ ৫০, উমর ০, আফ্রিদি ১৫, রাজ্জাক ৮, রেহমান ০, তানভির ৬, শোয়েব ১; সাউদি ৫/৩৩, বেনেট ৩/২৬, ওরাম ২/৩৩); নিউজিল্যান্ড: ১৭.২ ওভারে ১২৫/১ (গাপটিল ৪০*, রাইডার ৫৫, টেলর ২৩*, তানভির ১/৩৯)। ফল: নিউজিল্যান্ড ৯ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: টিম সাউদি।