জয় চায় দুই দলই
১৯৮৬ থেকে ২০০৬—প্যারাগুয়ে যে সাতটি বিশ্বকাপ খেলেছে, এর চারটিই এই ২০ বছরের মধ্যে। আর এই চার বিশ্বকাপের তিনটিতেই দ্বিতীয় রাউন্ডে খেলেছে দক্ষিণ আমেরিকার দেশটি। সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যে স্লোভাকিয়ার বিপক্ষে আজ দ্বিতীয় গ্রুপ ম্যাচটা খেলতে নামছে প্যারাগুয়ে।এলাম, খেললাম আর চলে গেলাম—স্লোভাকিয়াও সেটা চায় না। ১৯৯৩ সালে সাবেক চেকোস্লোভাকিয়া থেকে বিচ্ছিন্ন হওয়ার পর এই প্রথম বিশ্বকাপে এলেও বিশ্বকাপের অন্দরমহল এই দেশটির খুব চেনা। চেকোস্লোভাকিয়ার অংশ হিসেবে আটবার বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা তো আছেই, দুবার ফাইনালেও খেলেছে। পুরোনো ঐতিহ্য ধরে রেখে এবারও তারা যেতে চায় দ্বিতীয় রাউন্ডে। ব্লুমফন্টেইনে খেলতে নামার আগে দুই দলেই আত্মবিশ্বাসের হাওয়া। ‘প্যারাগুয়ের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা আছে। এ জন্য অবশ্য ব্যক্তিগত নৈপুণ্যের সঙ্গে টিমওয়ার্কের সমন্বয় করতে হবে আমাদের’—বলেছেন প্যারাগুয়ের কোচ জেরার্দো মার্টিনো। আর স্লোভাকিয়ার কোচ ভ্লাদিমির ভেইসের কথা, ‘আমরা সামনে এগিয়ে যেতে চাই। দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পথে এগিয়ে যাওয়ার লক্ষ্যেই আগামীকাল (আজ) মাঠে নামব আমরা।’আজ যে দলই জিতবে দ্বিতীয় রাউন্ডে ওঠার পথে অনেকটাই এগিয়ে যাবে তারা। গ্রুপের প্রথম ম্যাচটি দুই দলই ড্র করে এসেছে। দুই দলই প্রথমে এগিয়ে যাওয়ার পর গোল খেয়েছে। তবে প্যারাগুয়ে সবচেয়ে বড় বাধা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালির সঙ্গে ড্র করেছে, আর স্লোভাকিয়ার ড্রটি ছিল ইতালির বিপক্ষে। আজ এমন ফলাফল নিশ্চয়ই কোনো দলই চাইবে না।প্যারাগুয়ে-স্লোভাকিয়ালুকাস ব্যারিয়সঅভিষেক বিশ্বকাপের আগে ৩টি ম্যাচ খেলে গোল পেয়েছিলেন তিনটিতেই। আর্জেন্টিনায় জন্ম ও বড় হওয়ায় একসময় স্বপ্ন দেখতেন আর্জেন্টিনা দলে খেলার, তবে এখন তিনি মায়ের দেশ প্যারাগুয়ের আক্রমণভাগের ভরসা। প্রথম ম্যাচে গোল না পাওয়ায় ছেদ পড়েছে ধারাবাহিকতায়, আজ আবারও ফিরতে পারেন পরিচিত চেহারায়।ভ্লাদিমির ভেইসভ্লাদিমির ভেইস—নামটা অনেককেই বিভ্রান্ত করতে পারে। স্লোভাকিয়ার এক ফুটবলারের নাম যেমন এটা, তেমনি কোচের নামও। এই নামে আছে আবার দেশের সাবেক এক ফুটবলারও। তিনজনের মধ্যে কোনো সম্পর্ক আছে কি না জানতে চান? তাঁরা ছেলে-বাবা-দাদা! ভেইস এই মুহূর্তে দেশের সবচেয়ে প্রতিশ্রুতিশীল ফুটবলার। প্রথম ম্যাচে খারাপ খেলেননি, তাঁকে নিয়ে প্রত্যাশা উঁচুতে থাকবে আজও।