জয় ছাড়া কিছুই ভাবছে না জিম্বাবুয়ে
মাঠে থেকে ভারী বৃষ্টিটা দেখেনি জিম্বাবুয়ে দল। অনুশীলন শেষ করে এর আগেই ফিরে গেছে হোটেলে। তবে গোমড়া আবহাওয়া আর সকালের ঝিরিঝিরি বৃষ্টি তখন থেকেই চট্টগ্রামে অনুষ্ঠেয় আজকের চতুর্থ ওয়ানডের অনিশ্চিত ভবিষ্যৎটা জানাতে শুরু করেছে।জিম্বাবুয়ের অবশ্য এখন আকাশ-বৃষ্টি নিয়ে ‘কবিতা’ লেখার সময় নেই। তাদের চিন্তা-চেতনায় একটাই বিষয়—সিরিজে ফেরার ম্যাচটা জিততে হবে। অনুশীলন শেষে দলের ব্যাটসম্যান ক্রেইগ আরভিনও জানিয়ে গেলেন একই কথা, ‘আবহাওয়া নিয়ে ভাবছি না। আমরা শুধু জানি কাল (আজ) একটা বড় ম্যাচ। সিরিজে টিকে থাকতে হলে ম্যাচটা আমাদের জিততেই হবে।’ঢাকাতেই ২-১ করে আসা সিরিজটা জিততে চট্টগ্রামের দুই ম্যাচের একটি জিতলেই চলে বাংলাদেশের। জিম্বাবুয়েকে জিততে হবে দুই ম্যাচই। ম্যাচ ধরে ধরে এগোনোর পুরোনো নীতিতে হেঁটে সেটাই করতে চায় জিম্বাবুয়ে। আরভিন এ ব্যাপারে দলের আত্মবিশ্বাসের কথাও জানালেন, ‘আমরা খুবই আত্মবিশ্বাসী। চট্টগ্রামে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে এই তিন দিন কঠোর পরিশ্রম করেছে সবাই।’সিরিজের প্রথম তিন ম্যাচে বাংলাদেশের বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাকের বোলিংটাই জিম্বাবুয়েকে সবচেয়ে বেশি ভুগিয়েছে। ব্যতিক্রম আরভিন, বাংলাদেশের স্পিনারদের সামলানোটা অন্তত তাঁর কাছে খুব কঠিন মনে হয়নি। আরভিন নিজেও বলেছেন, ‘এখানে আসার আগে এই স্পিন বোলিংটাই আমাদের বেশি ভুগিয়েছে। তবে নেটে স্পিন বোলিংয়ের বিপক্ষে আমি কঠোর পরিশ্রম করেছি। পরিশ্রমের ফল পাওয়ায় ভালো লাগছে।’আরভিন ব্যতিক্রম হলেও বাংলাদেশের স্পিন, বিশেষ করে রাজ্জাকের বোলিংটাকেই দুই দলের পার্থক্য গড়ে দেওয়ায় বড় ভূমিকা দেখছেন জিম্বাবুয়ের পেসার ক্রিস্টোফার পোফু, ‘সিরিজে ২-১-এ পিছিয়ে থাকলেও আমরা সবাই ইতিবাচক ক্রিকেট খেলেছি। স্পিনারদের বিপক্ষে যদি আমরা ভালো খেলতে পারি, বিশেষ করে রাজ্জাককে সামলানো যায়, সিরিজে ফেরা অসম্ভব হবে না।’ঢাকার ফ্লাডলাইট কেলেঙ্কারির পর মাইক্রোম্যাক্স ওডিআই কাপে এখন সবচেয়ে আলোচিত বিষয় চট্টগ্রামের উইকেট আর আউটফিল্ড। কিউরেটর ২৭০-২৮০ রানের নিশ্চয়তা দিচ্ছেন, কিন্তু কোনো দলেই এই মতের সমর্থক পাওয়া যাচ্ছে না। কোথাও বড় ঘাস, কোথাও বা পোড়ামাটির চেহারার আউটফিল্ডও রান তোলায় প্রতিবন্ধক হবে বলেই সবার ধারণা। সেটা মাথায় রেখেই পোফু বললেন, এই উইকেটে ২৩০-২৪০ রানই জেতার জন্য যথেষ্ট। তবে আবহাওয়া যে রকম মুখ গোমড়া করে রেখেছে, আজকের ম্যাচটা শেষ পর্যন্ত হয় কিনা সন্দেহ। হলেও কর্তিত ওভারের ম্যাচ হওয়ারই সম্ভাবনা বেশি। এ ব্যাপারে পোফুরও ওই একই কথা, ‘এসব নিয়ে ভেবে লাভ কী, সামনে এগিয়ে যেতে পথে যা-ই আসে, আমরা সেটার জন্য প্রস্তুত।’