জয় টেস্ট ক্রিকেট!
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ‘টাইমলেস’ করার চিন্তাভাবনা চলছে শুনে রীতিমতো আঁতকে উঠেছেন গ্রায়েম সোয়ান, ‘বলে কী! এমনিতেই আমার আমেরিকান বন্ধুরা বেড়াতে এসে আমাকে উত্ত্যক্ত করে মারে, “কী খেলো! পাঁচ দিন খেলেও কোনো রেজাল্ট হয় না”!’ইংলিশ অফ স্পিনার নিশ্চয়ই মজা করেছেন। জিজ্ঞেস করে দেখুন, অন্য সব ক্রিকেটারের মতো তাঁর কাছেও টেস্ট ক্রিকেটটাই আসল ক্রিকেট। তবে ঊর্ধ্বশ্বাস দৌড়ের এই একুশ শতকে পাঁচ দিন পরও জয়ী দলের নাম জানাতে না পারার অনন্য ক্ষমতার অধিকারী টেস্ট ক্রিকেট তো আসলে এক অনাসৃষ্টিই! কিন্তু কি মনোহরই না সেই ‘অনাসৃষ্টি’!নইলে কি আর এই জিনিস এত ঝড়ঝাপটা সয়ে যুগের পর যুগ টিকে থাকে! জন্মের ১৩৪ বছর পর আজ লর্ডসে ২০০০তম টেস্ট ম্যাচকে ঘিরে ক্রিকেট-বিশ্বে ছড়িয়ে পড়ে উৎসবের রং!হ্যাঁ, এই চটজলদি সময়ে টেস্ট ক্রিকেটের প্রাসঙ্গিকতা নিয়ে মাঝেমধ্যেই প্রশ্ন ওঠে। টি-টোয়েন্টির দুকূলপ্লাবী জোয়ারের পর আরও বেশি করে উঠছে। কিন্তু এটি কি নতুন কিছু? ওয়ানডের আবির্ভাবের পরও ‘টেস্ট ক্রিকেট গেল-গেল’ বলে রব উঠেছিল। এর আগেও অনেকবারই। ১৯৫০ ও ৬০-এর দশকেও তো অনেকে বলে দিয়েছিলেন ‘এই জিনিস আর চলে না।’ মৃতপ্রায় টেস্ট ক্রিকেটকে জিয়নকাঠির ছোঁয়ায় জাগিয়ে তুলেছিল ব্রিসবেনে ইতিহাসের প্রথম ‘টাই’ টেস্ট। সাম্প্রতিক অতীতেও কি সেই জিয়নকাঠির দেখা মেলেনি? ২০০১ ভারত-অস্ট্রেলিয়া সিরিজ, ২০০৫ অ্যাশেজ...এমন একেকটি সিরিজ আসে, কখনো বা বিচ্ছিন্নভাবে এক-দুটি টেস্ট, যা সগৌরবে সবাইকে বলে, ‘দেখো, দুচোখ ভরে দেখো—এটাই হলো আসল ক্রিকেট।’টেস্ট ক্রিকেট নামটা কে দিয়েছিলেন, সেটি নির্দিষ্ট করে জানা যায় না। দুদলের পারস্পরিক শক্তির পরীক্ষা বোঝাতেই ‘টেস্ট’ কথাটার উৎপত্তি বলে ধারণা। তবে নামটা যে-ই দিয়ে থাকুন, এর চেয়ে সার্থক নামকরণ আর হয় না। টেস্ট ক্রিকেট আসলেই সত্যিকারের এক ‘টেস্ট’। দুদলের শক্তিরই শুধু নয়, একজন ক্রিকেটারেরও চূড়ান্ত ‘টেস্ট’। সেটি শুধু ক্রিকেটীয় দক্ষতার নয়; শারীরিক সক্ষমতার, মানসিক শক্তির...অধিনায়কত্বের কথা ভেবে দেখুন, বুদ্ধিমত্তারও কি নয়!একজন ক্রিকেটারের নিজেকে প্রকাশ করার অবারিত সুযোগও। এখানে কারও হাত-পা বাঁধা নেই। যতক্ষণ ইচ্ছা ব্যাটিং করো, যত ইচ্ছা বোলিং করো, যেভাবে ইচ্ছা ফিল্ডিং সাজাও (ডগলাস জার্ডিনের সৌজন্যে সামান্য বাধ্যবাধকতা বাদে)—টেস্ট ক্রিকেট তাই বের করে আনে খেলোয়াড়দের আসল ‘চরিত্র’টাও। বড় ক্ষমাহীনও এই মঞ্চ। অসাধারণকে যেমন আলোয় উদ্ভাসিত করে, নিষ্ঠুরভাবে ফুটিয়ে তোলে অক্ষমের সীমাবদ্ধতাও। ওয়ানডে বা টি-টোয়েন্টিতে রান আর উইকেটের স্তূপ জমিয়ে ফেললেও শেষ পর্যন্ত টেস্ট ক্রিকেটই তাই গ্রেটনেসের মাপকাঠি। আর্থিক নিরাপত্তার কথা ভেবে মুখে টি-টোয়েন্টির জয়গান গাওয়া ক্রিকেটারের সুখানুভূতির জোগানদারও টেস্টে কবে কী করেছিলেন সেই স্মৃতি।দর্শকের দৃষ্টিকোণ থেকেও কি তা-ই নয়? ওভার-নির্দিষ্ট ম্যাচে যে পারফরম্যান্সে আপনি মুগ্ধ-রোমাঞ্চিত, দেখবেন কদিন পরই আর সেটি মনে থাকছে না। মনে স্থায়ী ছাপ রেখে যাওয়া? সেটি পারে শুধু টেস্ট পারফরম্যান্সই। ম্যাচের ফল জানতে পাঁচ দিন অপেক্ষা নিয়ে আপত্তি? এটিরও উত্তর আছে। টেস্ট ম্যাচ তো পেঁয়াজের মতো। একটি পরত খুললেই আরেকটি পরত। টেস্ট ম্যাচের প্রতিটি সেশনই একেকটি আলাদা গল্প। মাসুদ রানার বিজ্ঞাপনের ভাষায়—প্রতিটি পর্বই স্বয়ংসম্পূর্ণ। সিরিজের অন্য কোনো বই পড়া না থাকলেও ক্ষতি নেই। পুরো টেস্ট ম্যাচটা যদি ‘যুদ্ধ’ হয়, তার মধ্যে অনেক খণ্ড লড়াই। যার মধ্যে সবচেয়ে রোমাঞ্চকর নির্দিষ্ট কোনো বোলারের সঙ্গে নির্দিষ্ট কোনো ব্যাটসম্যানের দ্বৈরথ। টেস্ট ক্রিকেট ছাড়া আর কোথায় খোলে এটির মহাকাব্যিক রূপ!এমন কিছু জাদু আছে বলেই তো টেস্ট ক্রিকেট এখনো স্বমহিমায় বর্তমান! টেস্ট ম্যাচ খেলা কমে যাচ্ছে বলে সাধারণ ধারণারও সমর্থন মিলছে না পরিসংখ্যানে। প্রথম ১০০ বছরে টেস্ট হয়েছিল মাত্র ৮০৩টি। প্রথম ৫০০ টেস্ট হতে লেগেছিল ৮৩ বছর। ২৪ বছরেই পরের ৫০০। ১০০০ থেকে ১৫০০ হয়ে গেল ১৬ বছরেই। ১১ বছরে পরের ৫০০।টেস্ট ক্রিকেট সগৌরবে টিকে আছে। আশা করা যায়, থাকবেও। ‘টেস্ট ক্রিকেট ইজ ডেড’ চিৎকার মাঝেমধ্যেই ওঠে বটে, তবে প্রায় সঙ্গে সঙ্গেই এর চেয়েও উচ্চগ্রামে ‘লং লিভ টেস্ট ক্রিকেট!’