জয় তো হলো চেলসির
ম্যানচেস্টার ইউনাইটেডকে রুখে দিয়েছে বার্মিংহাম সিটি। আর্সেনালকে তাদের মাঠে জিততে দেয়নি এভারটন। তাহলে পরশু ইংলিশ প্রিমিয়ার লিগে জিতল কে? জিতল আসলে চেলসি। হ্যাঁ, তুষারপাত আর কনকনে ঠান্ডায় মাঠে না নামতে পেরেও চেলসিই এ রাতে জিতেছে। কেননা, দুই প্রধান প্রতিদ্বন্দ্বী পুরো ৩ পয়েন্ট তুলে নিতে না পারায় শিরোপার দিকে তাদের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হলো না! একটা ম্যাচ কম খেলে কার্লো আনচেলত্তির ‘নতুন’ চেলসি (৪৫ পয়েন্ট) ম্যানইউর চেয়ে এগিয়ে ১ পয়েন্টে, সমান ম্যাচ খেলা আর্সেনালের চেয়ে ৩ পয়েন্টে।এবারই আবার প্রিমিয়ার লিগে ফিরে আসা বার্মিংহামের ম্যানইউকে আটকে দেওয়াটা একটা বিরাট চমক। তাও ভাগ্য খারাপ বলতে হবে তাদের। আত্মঘাতী গোলটি না হলে জিতেই যেত বার্মিংহাম। তার পরও অবশ্য শীর্ষ পর্যায়ে টানা ১২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ল ক্লাবটি। ২১ ম্যাচে লিভারপুলের সমান ৩৩ পয়েন্ট নিয়ে আট নম্বরে তারা।শীতার্ত সন্ধ্যায় সেন্ট অ্যান্ড্রুজে বার্মিংহামের সঙ্গে ম্যানইউয়ের লড়াইটাকে আপনি চাইলে গুরু-শিষ্যের প্রতিদ্বন্দ্বিতাও বলতে পারেন। তাতে সাবেক শিষ্য এবং স্বদেশি অ্যালেক্স ম্যাকলিশের কাছে গুরু অ্যালেক্স ফার্গুসন আসলে হেরেছেন। ৩৯ মিনিটে বার্মিংহামকে এগিয়ে দেন ক্যামেরন জেরম। ৬৩ মিনিটে স্কট ডান ক্লিয়ার করতে বল নিজেদের জালে ঠেলে দিলে সমতা ফেরে।‘একজনের সর্বনাশ, আরেকজনের পৌষ মাস’ই হয় সাধারণত। তাই টানা চতুর্থ শিরোপার লড়াইয়ে নামা ম্যানইউকে রুখে দিয়ে ফার্গুসনের সাবেক দল অ্যাবারডিনের সাবেক খেলোয়াড় ম্যাকলিশ উল্লসিত, ‘আমার ছেলেদের এটি আরেকটা দুর্দান্ত পারফরম্যান্স। আমি সত্যিই ওদের নিয়ে গর্বিত।’এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালও একটা পয়েন্ট আদায় করেছে কোনোমতে। এভারটন জিতেই গিয়েছিল প্রায়। টমাস রসিস্কির অতিরিক্ত সময়ের গোল ড্র এনে দেয় (২-২) শিরোপার অন্যতম দাবিদার আর্সেনালকে। ধারে খেলতে আসা যুক্তরাষ্ট্রের তারকা ল্যানডন ডনোভানের কর্নারে মাথা ছুঁইয়ে ১২ মিনিটে এভারটনকে এগিয়ে দিয়েছিলেন লেওন ওসমান, ৩০ মিনিটে ডেনিলসনের শট ওই ওসমানেরই পায়ে লেগে দিক বদলে সমতায় ফেরায় আর্সেনালকে। খেলা শেষের ৯ মিনিট আগে দক্ষিণ আফ্রিকান মিডফিল্ডার স্টিভেন পাইনার আবার এগিয়ে দেন এভারটনকে।খেলা শেষে আর্সেনাল ম্যানেজার আর্সেন ওয়েঙ্গার স্বীকার করেছেন, এখনো ইনজুরির কারণে অধিনায়ক সেস ফ্যাব্রিগাসকে ছাড়া একটা পয়েন্ট পাওয়াই তাঁর দলের জন্য অনেক বেশি। ইংলিশ প্রিমিয়ার লিগে বড় দুই দলের ম্যাচ ড্র হলেও এ দিন রোমাঞ্চকর ফুটবল দেখেছে ইতালির সিরি ‘আ’। সান সিরোতে শেষ দিকের দুই গোলে ৭ গোলের ম্যাচে সিয়েনাকে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্টার মিলান (৪-৩)। শেষ বাঁশির বাজার ২ মিনিট আগ পর্যন্ত ৩-২ গোলে এগিয়ে ছিল পয়েন্ট তালিকায় সবার নিচে থাকা সিয়েনা। হোসে মরিনহোর অধীনে নিজেদের মাঠে ইন্টারের প্রথম পরাজয়টাকে তখন সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছিল। ঠিক এমন সময়ই ডাচ স্ট্রাইকার ওয়েসলি স্নাইডার করে বসেন তাঁর দ্বিতীয় ফ্রি-কিক গোল। আর ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে বদলি খেলোয়াড় ওয়ালটার স্যামুয়েলের গোলে জয়ের উল্লাসে ফেটে পড়ে ইন্টার। এই জয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী এসি মিলানের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে গেল তারা, তবে মিলান তাদের চেয়ে দুটি ম্যাচ কম খেলেছে। দিনের আরেক ম্যাচে ১০ জনের দলে পরিণত হয়েও রোমা ১-০ গোলে হারিয়েছে শিয়েভোকে। পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে উঠেছে তারা।এদিকে স্প্যানিশ লিগে ১৮ বছর বয়সী ‘বিস্ময়’ সার্জিও ক্যানালেসের দুই গোলে রেসিং সান্তান্দার হারিয়ে দিয়েছে সেভিয়াকে (২-১)। এর আগের রাউন্ড পর্যন্তও বার্সেলোনা-রিয়ালকে চাপে ফেলে দেওয়া সেভিয়া এই পরাজয় নিয়ে নেমে গেল পঞ্চম স্থানে। এএফপি।