জয় দিয়ে উইন্ডিজ সফর শুরু অস্ট্রেলিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজ সফরটা জয় দিয়েই শুরু করেছে অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক উইন্ডিজের বিপক্ষে ৬৪ রানের জয় পেয়েছে অসিরা। জয়ের জন্য ২০৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ডোহার্টির দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৪০ রানেই গুটিয়ে যায় ক্যারিবিয়ান ইনিংস। ৪৯ রানের বিনিময়ে চারটি উইকেট নিয়েছেন এই বাঁ-হাতি অফস্পিনার। কাল ১৮ মার্চ সিরিজের দ্বিতীয় ম্যাচে আবার মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া।টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক শেন ওয়াটসন। অভিষিক্ত জর্জ বেইলির ৪৮, ওপেনার ডেভিড ওয়ার্নারের ৪০, মাইক হাসির ৩২ রানের ছোট ছোট ইনিংসের বদৌলতে নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২০৪ রান জমা করে সফরকারীরা।জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ১১ ওভারের মধ্যে মাত্র ৩৩ রানেই সাজঘরে ফেরেন অভিষিক্ত জনসন চার্লস, কাইরন পাওয়েল ও ড্যারেন ব্রাভো। চতুর্থ উইকেটে ৬৪ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর কিছুটা চেষ্টা চালিয়েছিলেন ডোয়াইন ব্রাভো ও মারলন স্যামুয়েলস। কিন্তু দলীয় ৯৭ রানের মাথায় ৩২ রান করে ফিরে যান ব্রাভো। পরের ওভারে স্যামুয়েলস ও কার্লটন বাফকেও সাজঘরমুখী করেন ডোহার্টি। এরপর প্রায় তাসের ঘরের মতোই ভেঙ্গে পড়ে উইন্ডিজ ইনিংস। শেষ পর্যায়ে ২০ বলে ৩৫ রানের ঝড়ো ইনিংস খেলে শুধু কিছুটা উত্তেজনাই ছড়াতে পেরেছেন উইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামি। ৩৩তম ওভারে তিনি আউট হয়েছেন শেষ ব্যাটসম্যান হিসেবে।অভিষেক ম্যাচেই ৪৮ রানের ইনিংস খেলে ম্যাচসেরার স্বীকৃতি পেয়েছেন জর্জ বেইলি।