জয় দিয়ে প্রস্তুতি শেষ জাতীয় দলের
রিচার্ড পাইবাসের ‘গুরুত্বহীন’ প্রস্তুতি ম্যাচকেও যথেষ্ট গুরুত্ব দিলেন বিসিবি লাল দলের আড়ালে থাকা জাতীয় দলের খেলোয়াড়েরা। আগের দিন সবুজ দলের কাছে হেরেছে। গতকাল তাই দ্বিগুণ তেতে উঠে একাডেমি মাঠের দুই ম্যাচেই জিতে গেল লাল দল।প্রথম ম্যাচে ওপেনার মাহমুদুল হাসানের সেঞ্চুরি ৫ উইকেটে ২২৫ রান এনে দিয়েছিল সবুজ দলের স্কোর বোর্ডে। লাল দলের কাছে এটাও অনতিক্রম্য থাকল না। মাহমুদুলের ৪৭ বলে সেঞ্চুরি বা ৫৮ বলে অপরাজিত ১৩৪ রানের চেয়েও যেন ধুন্ধুমার ব্যাটিং করলেন লাল দলের ওপেনার জুনায়েদ সিদ্দিক। শাহাদাতের করা ইনিংসের চতুর্থ ওভারে মুক্তারের ক্যাচ হওয়ার আগে আট ছক্কা এক চারে মাত্র ১৫ বলে ৫৮! একাডেমির ছোট মাঠে শাহাদাত ওই ওভারেই দিলেন ৫ ছক্কা। যার চারটিই জুনায়েদের ব্যাট থেকে, আরেকটি মেরেছেন আশরাফুল।জুনায়েদ একা নন, আশরাফুল (১৬ বলে ২৮), সাকিব (৩৫ বলে ৬৫), জহুরুল (১৯ বলে ৪৫*)—সবাই মিলেই অসাধ্য সাধন করলেন। ২২৫ রানের লক্ষ্যও ৩ ওভার ৪ বল বাকি থাকতে টপকে গেল লাল দল, ম্যাচ জিতল ৫ উইকেটে।দ্বিতীয় ম্যাচে জয়টা হলো আরও সহজ। লাল দলের ৬ উইকেটে করা ১৮৯ রানের সামনে দাঁড়াতেই পারেনি ৯১ রানে হারা সবুজ দল। ১৪.৩ ওভারে অলআউট তারা মাত্র ৯৮ রানে। লাল দলের আশরাফুল করলেন ৪৫ বলে ৫৯। জিয়াও ৫৯, ৩৬ বলে। ২ উইকেট করে পেয়েছেন জিয়া, রাজ্জাক, ফরহাদ ও জুনায়েদ।ত্রিনিদাদ যাওয়ার আগে কালই প্রস্তুতির শেষ দিন ছিল বাংলাদেশ দলের। আগামীকাল রাতের ফ্লাইটে দেশ ছাড়বে দলটা। ত্রিনিদাদে ৫ সেপ্টেম্বর একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলে ৬, ৭ ও ৮ সেপ্টেম্বর তিন ম্যাচ খেলবে বারবাডোজ, আফগানিস্তান ও ত্রিনিদাদের বিপক্ষে। ৯ সেপ্টেম্বরই শ্রীলঙ্কা টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্দেশে ত্রিনিদাদ ছাড়বে মুশফিকুর রহিমের দল।