জয় দিয়ে বছর শুরু ম্যান ইউ, সিটি, আর্সেনাল ও লিভারপুলের
২০১০ সালটা একেবারেই ভালো কাটেনি ওয়েইন রুনির। মাঠে বাজে পারফরমেন্স, বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থতা, ব্যক্তিগত জীবনে নানা জটিলতা, সব মিলিয়ে বছরের বেশির ভাগ সময়ই বিপর্যস্ত অবস্থায় কাটিয়েছেন এই ইংলিশ স্ট্রাইকার। তবে নতুন বছরের শুরুতেই কিন্তু অন্য রকম কিছু ঘটানোর ইঙ্গিত দিয়ে রাখলেন রুনি। গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট ব্রমের বিপক্ষে বছরের প্রথম খেলায় মাত্র তিন মিনিটের মাথায় গোল করে দুর্দান্তভাবেই শুরু করলেন বছরটা। ম্যাচটাও ম্যান ইউ জিতেছে ২-১ গোলে।জয় দিয়ে বছর শুরু করেছে প্রিমিয়ার লিগের অন্যান্য শীর্ষ সারির দলগুলোও। ব্ল্যাকপুলকে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। বার্মিংহামের বিপক্ষে আর্সেনাল পেয়েছে ৩-০ গোলের সহজ জয়। জয় পেয়েছে ধুঁকতে থাকা লিভারপুলও। আরও একটা ম্যাচ তাদের জয়বঞ্চিত থাকতে হবে, এমনটাই ধরে নিয়েছিল অনেকে। কিন্তু জো কোলের শেষ মুহূর্তের গোলে বোল্টনের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে অল রেডরা।নিচের সারির দল হলেও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে সমানে সমানেই লড়ে গেছে ওয়েস্ট ব্রম। তিন মিনিটে রুনি ম্যান ইউকে এগিয়ে দেওয়ার ১০ মিনিট পরই আবার খেলায় সমতা ফেরান ওয়েস্ট ব্রমের মিডফিল্ডার জেমস মরিসন। ১-১ গোলে সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে পেনাল্টি পেয়ে গিয়েছিল ওয়েস্ট ব্রম। পিটার ওডেমউইঙ্গি সেই পেনাল্টিটা মিস না করলে খেলার ফলাফল অন্য রকম হতে পারত। ৭৫ মিনিটে ম্যান ইউয়ের পক্ষে জয়সূচক স্বস্তির গোলটা করেন জাভিয়ের হার্নান্দেজ।ব্ল্যাকপুলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানটা এখনো ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। ৩৪ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেছেন অ্যাডাম জনসন। তবে দুই মিনিট পর সিটি অধিনায়ক কার্লোস তেভেজ পেনাল্টি মিস না করলে ব্যবধানটা আরও বড় হতে পারত। আর্সেনালের ৩-০ ব্যবধানের জয়ের প্রথম গোলটি করেছিলেন রবিন ভন পার্সি। এটা এই ডাচ স্ট্রাইকারের মৌসুমের প্রথম গোল। দ্বিতীয় গোলটি এসেছে সামির নাসরির পা থেকে। তৃতীয় গোলটির কৃতিত্ব বার্মিংহাম ডিফেন্ডার রজার জনসনের। খেলার ৬৫ মিনিটের মাথায় এই আত্মঘাতী গোলটি করেছেন তিনি। রয়টার্স।