জয় দিয়ে মরিনহোর রিয়ালের শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগের হ্যাটট্রিক শিরোপা হাতে তোলার অভিযানে শুরুটা ভালোই হলো হোসে মরিনহোর। গতকাল বুধবার রাতে অ্যাজাক্স আমস্টার্ডামকে ২-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছে তাঁর ক্লাব রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগের অপর ম্যাচগুলোতে আর্সেনাল ৬-০ গোলে ব্রাগাকে, চেলসি ৪-১ গোলে এমএসকে জিলিনাকে ও বায়ার্ন মিউনিখ ২-০ গোলে এএস রোমাকে হারিয়েছে।গত আসরে ইন্টার মিলানকে শিরোপা এনে দিয়েছিলেন মরিনহো। এবার রিয়াল মাদ্রিদ স্বপ্ন দেখছে, পর্তুগিজ এই কোচের হাত ধরে ২০০২ সালের পর প্রথমবারের মতো ইউরোপিয়ান কাপ ঘরে তোলার। ম্যাচের শুরুটা অবশ্য হতাশারই ছিল রিয়ালের। প্রতিপক্ষের রক্ষণভাগে বেশ কয়েকটি আক্রমণ করলেও গোল হচ্ছিল না কিছুতেই। ৩১ মিনিটে রিয়ালকে গোল এনে দেন মিডফিল্ডার জাভি আলোনসো। আর ৭৩ মিনিটে ম্যাচের দ্বিতীয় ও শেষ গোলটি করেন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইন।ম্যাচ শেষে হোসে মরিনহো বলেন, ‘আমরা অ্যাজাক্সের ওপর প্রচুর চাপ প্রয়োগ করে খেলেছি। তাদেরকে তাদের মতো করে খেলতে দিইনি আমরা। তবে এটা ঠিক, আমাদের আক্রমণভাগের খেলোয়াড়েরা প্রতিপক্ষের গোল মুখের সামনে ভালো করেনি।’রিয়াল জয় পেয়েছে, কিন্তু গোলের ধারায় নেই দলটির সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এটি কি মরিনহোকে চিন্তিত করছে না? উত্তরটা দিয়েছেন পর্তুগিজ কোচ নিজেই, ‘আমি মোটেও চিন্তিত নই। আমি নিশ্চিত গোল আসবেই।’—রয়টার্স