জয় দিয়ে লড়াইয়ে টিকে থাকল রংপুর রাইডার্স
বিপিএলে প্রথমবার একে অপরের মুখোমুখি হয়ে রংপুর রাইডার্সকে ৭ উইকেটে হারিয়েছিল দুরন্ত রাজশাহী। আজ সেই হারের প্রতিশোধ নিয়েছে রংপুর রাইডার্স। শুধু প্রতিশোধই না, ১৯ রানের জয় দিয়ে শেষ চারে যাওয়ার লড়াইয়েও বেশ ভালোমতো টিকে আছে বিপিএলের নবাগত এই দলটি। জয়ের জন্য ১৮০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ বল বাকি থাকতেই ১৬০ রানে গুটিয়ে যায় দুরন্ত রাজশাহী। ১১ ম্যাচ শেষে এখন এই দুই দলেরই পয়েন্ট ১০। শেষ চার নিশ্চিত করতে হলে দুই দলকেই জিততে হবে নিজেদের শেষ ম্যাচটি। প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা ঢাকা গ্ল্যাডিয়েটরস ও সিলেট রয়্যালস নিশ্চিত করে ফেলেছে সেমিফাইনাল। ১০ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে চিটাগং কিংস।জয়ের জন্য ১৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই চার্লস কভেন্ট্রির উইকেট হারায় দুরন্ত রাজশাহী। এরপর টানা তিনটি ওভার ঝড়ো ব্যাটিং করে কভেন্ট্রির অভাবটা টের পেতে দেননি সাইমন ক্যাটিচ ও দিলশান মুনাবীরা। মাত্র ২১ বলে ৪০ রান সংগ্রহ করেছিলেন এই দুই ব্যাটসম্যান। এরপর রাজশাহী শিবিরের দুঃস্বপ্নে পরিণত হন কেভিন ও’ব্রায়েন। তাঁর দুর্দান্ত বোলিংয়ে প্রথম ছয় ওভারের মধ্যে দলীয় ৫৫ রানের মাথায় আরও চারটি উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় রাজশাহী। একে একে সাজঘরে ফেরেন ক্যাটিচ, দলের অন্যতম প্রধান ব্যাটিং ভরসা জহুরুল ইসলাম, মুনাবীরা ও শেন অরভিন। এর মধ্যে তিনটি উইকেটই শিকার করেছেন ও’ব্রায়েন। ষষ্ঠ উইকেটে ৭১ রানের জুটি গড়ে আবার রাজশাহী শিবিরে জয়ের আশা জাগিয়ে তুলেছিলেন জিয়াউর রহমান ও অধিনায়ক মুক্তার আলী। ১৪তম ওভারে পরপর দুই বলে এই দুই ব্যাটসম্যানই সাজঘরের পথ ধরলে হার প্রায় নিশ্চিতই হয়ে যায় দুরন্ত রাজশাহীর। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান এসেছে জিয়াউরের ব্যাট থেকে। ৩৩ রান করেছেন মুক্তার আলী। এর ওভার পরে দুরন্ত রাজশাহীর কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন সাজু দত্ত। পরপর দুই বলে ইসুরু উদানা ও আবুল হাসানের উইকেট তুলে নেন এই বাঁহাতি স্পিনার।