জয় দিয়ে শুরু অস্ট্রেলিয়ার
২০৫ রানের সহজ লক্ষ্য। ৩৩ রানে ৩ উইকেট পড়ার পরও তাই চতুর্থ উইকেটে মারলন স্যামুয়েলস আর ডোয়াইন ব্রাভোর ৬৪ রানের জুটি জয়ের স্বপ্নই দেখাচ্ছিল ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু অস্ট্রেলিয়ান স্পিনার জেভিয়ার ডোহার্টির অসাধারণ এক স্পেলই শেষ করে দিয়েছে সব। ওয়েস্ট ইন্ডিজকে ১৪০ রানে গুঁড়িয়ে দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল ৬৪ রানের জয় দিয়ে!ডোয়াইনকে বোল্ড করে নাটকের শুরুটা করেছিলেন ড্যান ক্রিস্টিয়ান। এরপর তিন ওভারে ডোহার্টি তুলে নেন ৪ উইকেট। স্যামুয়েলস ডোহার্টিকে স্বাগত জানান প্রথম ওভারেই তিন ছক্কা মেরে! ডোহার্টি প্রতিশোধও নেন স্যামুয়েলসকে ফিরিয়েই। এরপর তুলে নেন বাফ, রাসেল, নারাইনকে। মাঝে কাইরন পোলার্ডকে ফেরান ক্রিস্টিয়ান। ৩ উইকেটে ৯৭ থেকে ওয়েস্ট ইন্ডিজ মুহূর্তেই ৯ উইকেটে ১০৪! তবে ডোহার্টি নন, ম্যাচসেরা হয়েছেন জর্জ বেইলি। তাঁর ৪৮ রানের ইনিংসই যে স্বল্প রানের ম্যাচে অস্ট্রেলিয়াকে দেয় ২০৪ রানের পুঁজি। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২০৪/৮ (বেইলি ৪৮, ওয়ার্নার ৪০, মাইক হাসি ৩২, ফরেস্ট ২৬; ডোয়াইন ৩/৫৮, স্যামুয়েলস ২/২৯, রোচ ২/৩৩)। ওয়েস্ট ইন্ডিজ: ৩২.২ ওভারে ১৪০ (স্যামি ৩৫, স্যামুয়েলস ৩৫, ডোয়াইন ৩২; ডোহার্টি ৪/৪৯, ক্রিস্টিয়ান ২/১২, ম্যাকাই ২/২২, লি ১/২৫)। ফল: অস্ট্রেলিয়া ৬৪ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: জর্জ বেইলি।