জয় দিয়ে শুরু করতে চান পোল্যান্ড অধিনায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ পোল্যান্ড বনাম গ্রিসের ম্যাচটি দিয়ে পর্দা উঠবে এবারের ইউরো চ্যাম্পিয়নশিপের। ২০০৪ সালে ইউরো কাপের শিরোপা জিতেছিল গ্রিস। ফিফার র‌্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ১৫। অন্যদিকে অংশগ্রহণকারী ১৬টি দেশের মধ্যে সবচেয়ে নিচে আছে স্বাগতিক পোল্যান্ড। তাদের অবস্থান ৬২তম। কাগজে-কলমে অনেকেই হয়তো এগিয়ে রেখেছেন গ্রিসকেই। কিন্তু তার পরও শুরুটা জয় দিয়েই করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন পোল্যান্ডের অধিনায়ক জ্যাকব ব্ল্যাসকাকোউস্কি। উদ্বোধনী ম্যাচটা জয় দিয়ে করতে পারলে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আশাও অনেক বেড়ে যাবে পোল্যান্ডের। আর সেই রকম ফলাফল করে দেশবাসীকে একটা শুভসূচনা এনে দিতে চান পোল্যান্ডের অধিনায়ক। আজ এক সংবাদ সম্মেলনে ২৬ বছর বয়সী এই ফুটবলার বলেছেন, ‘পুরো দেশই আমাদের ওপর অনেক আশা করে আছে। আর আমরাও এই ব্যাপারটা ভালোমতোই জানি। সেটাই আমাদেরকে জয়ের জন্য তাড়িত করবে। এ রকম একটা বড় প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রত্যেকটা খেলোয়াড়ই অপেক্ষা করে। আমাদের জন্য একটা স্বপ্ন পূরণ হয়েছে। এখন আমরা এই স্বপ্নের পরিধিটা আরও বড় করতে চাই।’জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করেছেন পোল্যান্ডের কোচ স্মুডাও। শিষ্যদের প্রতি পূর্ণ আস্থা আছে জানিয়ে তিনি বলেছেন, ‘আমি তাদের ওপরে ভরসা করতে পারি। গত আড়াই বছর ধরে তারা আমাকে বিশ্বাস করিয়েছে যে কাঙ্ক্ষিত ফলাফল এনে দিতে পারবে। আশা করছি, আমরা আজকের ম্যাচে আমাদের কাঙ্ক্ষিত ফলটাই পাব।’—ইএসপিএন