জয় দিয়ে শুরু করলেন অধিনায়ক সালমান বাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে নিজেকে আগেই প্রমাণ করেছিলেন সালমান বাট। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের আগের সাতটি টেস্টে একটি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরিতে সালমানের ব্যাটিং গড় ছিল ৪০। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দুই ইনিংসেও পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৬৩ ও ৯২ রান করেন তিনি। এবার অধিনায়ক হিসেবেও নিজের যোগ্যতা বেশ ভালোভাবেই প্রমাণ করলেন বাট। যে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা ১৩টি টেস্টে হেরেছিল পাকিস্তান, সেই অস্ট্রেলিয়াকে হারিয়েই শুরু হলো অধিনায়ক সালমান বাটের পথচলা।অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে হারের পর হঠাত্ করেই শহীদ আফ্রিদী টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলে অধিনায়কত্বের দায়িত্বটা পড়ে সালমান বাটের কাঁধে। পাকিস্তানের ব্যাটিং নির্ভরতার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলেও অধিনায়কত্বের দায়িত্ব সামাল দিতে পারবেন কি না—এ নিয়ে সংশয় ছিল অনেকেরই। কিন্তু এ পরীক্ষায় প্রথমবার বেশ ভালোমতোই উতরে গেছেন তিনি।পাকিস্তানের তরুণ দলকে নিয়ে ১৫ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়টা পাকিস্তানি ক্রিকেটের জন্য একটা বড় অগ্রগতি বলে মনে করছেন সালমান বাট। অধিনায়ক হিসেবে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সালমান বাট বলেছেন, ‘অধিনায়ক হিসেবে সিদ্ধান্ত নেওয়ার কাজটা খুবই কঠিন। কিন্তু এর মধ্য দিয়েই আমি অনেক কিছু শিখতে পেরেছি। অস্ট্রেলিয়াকে হারানোটা আমার জন্য একটি চমত্কার অভিজ্ঞতা।’