জয় দিয়ে শুরু পাকিস্তানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিয় ওয়ানডে সিরিজের শুরুটা বেশ ভালোভাবেই করেছে পাকিস্তান। ওপেনার নাসির জামশেদের চমত্কার এক শতকে ভর করে ৬ উইকেটের জয় পেয়েছে মিসবাহ বাহিনী। জয়ের জন্য ২২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌছে যায় পাকিস্তান। ১০১ রানের লড়াকু ইনিংস খেলে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন নাসির জামশেদ। আজকের এই জয় দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয়ের জন্য ২২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবে করতে পারেনি পাকিস্তান। ভারতের তরুণ পেসার ভুবনেশ্বর কুমারের দারুণ বোলিংয়ের সুবাদে প্রথম ১১ ওভারের মধ্যে মাত্র ২১ রানে দুই উইকেট হারিয়ে কিছুটা চাপের মুখেই যায় সফরকারীরা। তৃতীয় উইকেটে ১১২ রানের চমত্কার জুটি গড়ে প্রাথমিক ধাক্কাটা সামলে নিয়েছিলেন নাসির জামশেদ ও ইউনুস খান। ৩১তম ওভারে এই জুটি ভেঙ্গে ভারতীয় শিবিরে স্বস্তি ফেরান অশোক ডিন্ডা। চতুর্থ উইকেটে ৩৯ রান যোগ করেন অধিনায়ক মিসবাহ উল হক ও নাসির জামশেদ। দলীয় ১৭২ রানের মাথায় মিসবাহকে সাজঘরমুখী করে ভারতীয় শিবিরে আশার আলো জাগিয়েছিলেন ইশান্ত শর্মা। কিন্তু ভারতীয় বোলারদের আর কোন সুযোগ দেননি নাসির জামশেদ ও শোয়েব মালিক। জয়ের জন্য প্রয়োজনীয় ৫৬ রান বেশ অনায়াসেই সংগ্রহ করে ফেলেন এই দুই ব্যাটসম্যান।ইনিংসের প্রথম বলেই ওপেনার মোহাম্মদ হাফিজের উইকেট তুলে নিয়ে ভারতকে দারুণ সূচনা এনে দিয়েছিলেন ভুবনেশ্বর কুমার। এরপর থেকে খুব সাবধানে ব্যাটিং করেছেন আরেক ওপেনার নাসির জামশেদ ও আজহার আলি। কিন্তু খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি আজহার। ১১তম ওভারে আবারও পাকিস্তান শিবিরে আঘাত হানেন ভুবনেশ্বর। ৩৮ বলে ৯ রান করে ফিরে যান আজহার। ভারতের অভিষিক্ত পেসার ভুবনেশ্বর কুমারের কথা আলাদাভাবেই বলতে হয়। প্রথম থেকেই তাঁর বোলিংয়ের কারুকাজ চাপে রেখেছে পাকিস্তানি ব্যাটসম্যানদের। মোহাম্মদ হাফিজ তাঁর করা ইনিংসের প্রথম বলটি বুঝতেই পারেননি। অফস্ট্যাম্পের বাইরে পিচ করা বলটি বেরিয়ে যাবে মনে করেই ছেড়েছিলেন হাফিজ। কিন্তু তা কাট করে ঢুকে ভেঙে দেয় হাফিজের অফস্ট্যাম্প। আজহার আলি ভুবনেশ্বরের অফস্ট্যাম্পের বাইরের একটি শর্ট বল অনের দিকে মারতে গিয়ে মিড উইকেটে রোহিত শর্মার হাতে ধরা পড়েন। নিজের পাকিস্তানের বিপক্ষে দুই টি-টোয়েন্টি ম্যাচে নিজেকে আলাদাভাবেই চিনিয়েছিলেন এই পেসার। আজ নিজের প্রথম একদিনের ম্যাচে জানান দিলেন আন্তর্জাতিক ক্রিকেটে থাকতেই এসেছেন এই পেসার। অভিষেকে তাঁর বোলিং পরিসংখ্যানটা এরকম— ৯-৩-২৭-২।