জয় দিয়ে শুরু বড়দের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরোনো চেহারায় ফিরে আসার ইঙ্গিত দিয়েছিলেন জিম্বাবুয়ে সিরিজেই। ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে কাল সূর্যতরুণের বিপক্ষেও দেখা গেল সেই মাশরাফি বিন মুর্তজাকে, ৩ উইকেট নিয়ে আবাহনীর ৬ উইকেটের জয়ে রাখলেন বড় অবদান। জিম্বাবুয়ে সিরিজেই রানে ফেরা মুশফিকুর রহিম লিগের প্রথম ম্যাচেই কাল বিমানের হয়ে খেললেন ম্যাচজয়ী ইনিংস। প্রাইম দোলেশ্বরকে ৫ উইকেট হারিয়েছে তারা। প্রথম দিনের অন্য ম্যাচে জাতীয় দলের ক্রিকেটারদের বড় অবদান ছাড়াই ওরিয়েন্টকে ১১৫ রানে হারিয়ে শুভসূচনা করেছে মোহামেডান।ধানমন্ডি ক্রিকেট মাঠে টস জিতে মোহামেডানকে ব্যাটিংয়ে পাঠায় ওরিয়েন্ট। তামিম ইকবাল আর ইংলিশ ব্যাটসম্যান মঈন আলীকে নিয়ে গড়া মোহামেডানের ভীতি-জাগানিয়া উদ্বোধনী জুটি ফিরে যায় ৩৮ রানের মধ্যেই। তৃতীয় উইকেটে নাজিমউদ্দিনকে নিয়ে ৮৭ রানের জুটি গড়েন শামসুর রহমান। ৬৬ বলে ফিফটির পরের বলেই ফিরে যান নাজিমউদ্দিন, শামসুর সর্বোচ্চ ৭৮ করেন ৮৬ বলে। এই দুজনের পর সাকিব আল হাসান (২৪) ও অধিনায়ক খালেদ মাসুদ (২১) ছাড়া রান পাননি আর কেউ, শেষ ৫ ওভারে রান আসে তাই মাত্র ৩১। নিজের প্রথম তিন ওভারেই ২ উইকেট তুলে নিয়ে ওরিয়েন্টকে যে ধাক্কা দেন মোহামেডানের শ্রীলঙ্কান পেসার ফারভিজ মাহারুফ, সেটা আর কাটাতে পারেনি প্রিমিয়ারে উঠে আসা দলটি, গুটিয়ে যায় ১৪৩ রানে।আবাহনীর ৬ উইকেটের জয়ে মাশরাফির আগেও বলতে হয় তাপস বৈশ্যের কথা। জাতীয় দলে একসময়ের নতুন বলের সঙ্গীকে পাশে পেয়ে যেন জ্বলে ওঠেন তাপস, মাশরাফি তো ফর্মে ছিলেনই। দুজনের তোপে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ৩৭ রানে ৫ উইকেট হারায় সূর্যতরুণ। ছয়ে নেমে সোহরাওয়ার্দী শুভ আর আটে নেমে ধীমান ঘোষের ৪৪ রানে বিপর্যয় এড়ায় সূর্যতরুণ, অধিনায়ক আবদুর রাজ্জাকের ২৬ বলে ২৮ রানে পেরোয় দুই শ। জাতীয় দলের দুই বাঁহাতি স্পিনার রাজ্জাক-সোহরাওয়ার্দীর বোলিংয়ে এই রান তাড়া করতে নেমেও চাপে পড়ে গিয়েছিল আবাহনী। ইমরুল কায়েস ও আনামুল হককে আউট করেন রাজ্জাক, অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান লি কার্সেলডাইনকে সোহরাওয়ার্দী। তবে মাহমুদউল্লাহকে নিয়ে চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ১৩৭ রান তুলে ১৫ বল বাকি থাকতেই আবাহনীকে জয় এনে দেন ভারতীয় ব্যাটসম্যান যশপাল শর্মা। ৭৮ বলে ৬ চার ও ৪ ছয়ে অপরাজিত ৯০ রান করেন শর্মা, ১০৭ বলে ৪২ মাহমুদউল্লাহ।রাজশাহীতে ১৩ রানের মধ্যে দুই ওপেনারকে হারালেও তৃতীয় উইকেটে ১১০ রানের দুর্দান্ত জুটি গড়ে দোলেশ্বরকে ম্যাচে ফেরান রেজাউল করিম ও অধিনায়ক ইমরান আহমেদ। কিন্তু ইলিয়াস সানির জ্বলে ওঠা আর রেজাউলের (১২৯ বলে ৭৮) রানআউটে সর্বনাশ হয় দোলেশ্বরের, শেষ ৮ উইকেট হারায় তারা মাত্র ৫৬ রানে। বাঁহাতি স্পিনে ৪ উইকেট নেন সানি। ২৭ রানে ৩ উইকেট নিয়ে বিমানকে কাঁপিয়ে দিয়েছিল দোলেশ্বরও। শ্রীলঙ্কান জিহান মুবারককে নিয়ে ৫৩ রানের জুটিতে বিপর্যয় সামলান মুশফিকুর, আর মোশারফ হোসেনের সঙ্গে অবিচ্ছিন্ন ৮৫ রানের জুটিতে নিশ্চিত করেন জয়। ১১৩ বলে ৮ চারে অপরাজিত ৮৭, সেঞ্চুরি না হলেও দলের জয় সঙ্গে নিয়েই ফেরেন মুশফিকুর।সং ক্ষি প্ত স্কো রমোহামেডান: ৫০ ওভারে ২৫৮/৯ (শামসুর ৭৮, নাজিমউদ্দিন ৫০, সাকিব ২৪, মাসুদ ২১, তামিম ২০; সোহাগ ২/৫৪, জায়েদ ১/৩৩, সাজ্জাদুল ১/৩৯, জাকারিয়া ১/৪০, তাইবুর ১/৪৪, রবিউল ১/৪৭)। ওরিয়েন্ট: ৪৪.৪ ওভারে ১৪৩ (রবিউল ৪৩, সাজ্জাদুল ২৩*; এনামুল ২/১৮, মাহারুফ ২/২২, ফয়সাল ১/৮, শামসুর ১/১৭, মঈন ১/২০, মুক্তার ১/২১, নূর ১/২২)।সূর্যতরুণ: ৫০ ওভারে ২০৫ (সোহরাওয়ার্দী ৪৪, ধীমান ৪৪, রাজ্জাক ২৮; তাপস ৪/৩৩, মাশরাফি ৩/৩৪, রফিক ১/৪২, হাসান ১/৪৮)। আবাহনী: ৪৭.৩ ওভারে ২০৮/৪ (যশপাল ৯০*, মাহমুদউল্লাহ ৪২*, ইমরুল ২৪, কার্সেলডাইন ২৩; রাজ্জাক ২/৪২, সোহরাওয়ার্দী ১/৩৭, সাজিদুল ১/৩৯)।দোলেশ্বর: ৪৮.৪ ওভারে ১৭৯ (রেজাউল ৭৮, ইমরান ৪৬; ইলিয়াস ৪/৩৪, শফিউল ২/২৯, তালহা ১/২১, মোশারফ ১/২৫)। বিমান: ৪৩.৩ ওভারে ১৮১/৫ (মুশফিকুর ৮৭*, মোশারফ ৩৫*, মুবারক ৩৪; নাজমুল ২/১৮, রুবেল ১/৩২, নাজমুল অপু ১/৩৫)।