জয় দিয়ে শুরু ভারতের
ওয়ানডেতে হারের বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারছে না নিউজিল্যান্ড। সর্বশেষ ছয় ম্যাচের সব কটিতেই হার। এর মধ্যে বাংলাদেশের বিপক্ষে চারটি। এবার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি দিয়ে ঘুরে দাঁড়ানোর যে স্বপ্ন দেখছিল কিউইরা, তা হতাশায় ভরে দিয়েছে ভারতীয় দল। নিউজিল্যান্ডের সেই পরিসংখ্যানের সঙ্গে গুয়াহাটিতে আজ ভারত যোগ করেছে আরেকটি হার!টেস্ট সিরিজ ঘরে তোলার পর ভারতীয় দলের ওয়ানডে সিরিজও শুরু হলো জয় দিয়ে। বিশ্রামে থাকার কারণে এ সিরিজে নেই নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকার ও বীরেন্দর শেবাগেরা। কিন্তু সিনিয়রদের অনুপস্থিতি ভুলিয়ে দিয়েছেন বিরাট কোহলি একাই। তাঁর সেঞ্চুরির ওপর ভর করে প্রথম ব্যাট করে ৪৯ ওভারে ২৭৬ রান তুলে অলআউট হয় ভারত। জবাবে ৪৫.২ ওভারে মাত্র ২৩৬ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। স্বাগতিকদের জয় ৪০ রানের।দলীয় ৪৪ রানে ভারতের প্রথম উইকেটের পতন। ব্যক্তিগত ২৯ রানে টাফির শিকার মুরালি বিজয়। তাঁর জায়গায় ক্রিজে আসেন বিরাট কোহলি। বেশ দ্রুত রানের চাকা এগিয়ে নিয়ে যাচ্ছিলেন কোহলি এবং এই সিরিজে ভারতকে নেতৃত্ব দেওয়া গৌতম গম্ভীর। কিন্তু ব্যক্তিগত ৩৮ রানে ম্যাকাইয়ের শিকার গম্ভীর। তাই বলে রানের চাকা থেমে থাকেনি। কোহলিকে যথার্থ সঙ্গ দিয়েছেন যুবরাজ সিং। ৪২ রান করে সাজঘরে ফিরেন তিনি। কোহলিকেও ফিরিয়েছেন কিউই বোলাররা। কিন্তু ততক্ষণে এই ব্যাটসম্যান ভারতীয় দলের সংগ্রহে যোগ করেছেন ১০৫ রান! আর কোহলির ব্যাটের সুবাদেই শেষ পর্যন্ত ভারতের সংগ্রহ দাঁড়ায় ২৭৬ রান।জয়ের জন্য ২৭৭ রানের লক্ষ্যে খেলতে নামা নিউজিল্যান্ডের স্বপ্নটা শুরুতেই কঠিন করে তুলেন ভারতীয় বোলাররা। দলীয় ৪৬ রানে চলে যায় দুই উইকেট। এরপর উইলিয়ামসন ও গাপটিল কিছুটা বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করেন। কিন্তু দলীয় ১১৩ রানে উইলিয়ামসনের (৩০) বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে নিউজিল্যান্ডের। একপর্যায়ে ১৬৯ রানে আটটি উইকেট হারায় তারা। শেষের দিকে এসে ম্যাককুলাম (৩৫) ও মিলস (৩২) চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। ভারতের হয়ে শ্রীশান্ত, অশ্বিন ও যুবরাজ প্রত্যেকেই তিনটি করে উইকেট শিকার করেন। ক্রিকইনফো।